বিষাক্ত ও মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ১৩টি বালাইনাশকের ব্যবহার নিষিদ্ধ করার বা বাজার থেকে প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এই কীটনাশকগুলো প্রত্যাহারের বিষয়ে ‘বালাইনাশক আইন, বিধিমালাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা ও করণীয় নির্ধারণে গঠিত বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করেছে বলে জানা গেছে। এর আগে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির (পিটাক) ৯১তম সভায় বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াটের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩টি বালাইনাশকের মধ্যে রয়েছে গ্লাইফোসেট, ইথোপ্রোফস, বেটা-সাইফ্লুথ্রিন, ক্যাডুসাফস, সাইফফ্লুথ্রিন, ট্রায়াজোফস, ক্লোরপাইরিফস, স্পাইরোডাইক্লোফেন, থিয়াক্লোপ্রিড, ট্রাইক্লোরফন, ফরমেটানেট/ফরমেটানেট হাইড্রোক্লোরাইড, ডিউরন ও এডিফেনফস।
বিশেষজ্ঞ কমিটির সম্প্রতি অনুষ্ঠিত একটি সভাসূত্রে জানা গেছে, এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে গ্লাইফোসেট নিয়ে। কমিটি আমদানিকারক ও ব্যবসায়ীদের এটি প্রত্যাহারে সর্বোচ্চ এক বছর সময় দিতে চান। কিন্তু ব্যবসায়ীরা চান অন্তত তিন বছর। এই বালাইশকের বিকল্প না থাকায় অজুহাতে এটি দ্রুত বন্ধ করা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিশেষজ্ঞ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে জানান, গ্লাইফোসেট প্রত্যাহার নিয়ে ব্যবসায়ীরা যে সময় চাচ্ছেন তা দেওয়া যাবে না। কারণ এটি পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এজন্য ব্যবসায়ীদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হতে পারে, যার মধ্যে এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে। এ সময় এক বছরের বেশি হবে না বলে জানান তিনি।
জানা গেছে, গ্লাইফোসেট বাংলাদেশে আমদানি শুরু হয় ২০১৮ সালে। তবে এর বিষাক্ততা স্নায়ু ও শ্বাসযন্ত্রের ব্যাপক ক্ষতি করে। এর ক্ষতিকর প্রভাব পড়ে প্রজননে। যে কারণে ইতিমধ্যেই ২৯টির বেশি দেশ এর ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ ধারাবাহিকতায় বাংলাদেশও চাইছে এটি দ্রুত বন্ধ করতে। কিন্তু এ খাতের প্রভাবশালী ব্যবসায়ীদের নানা চাপের কারণে এতদিন ক্ষতিকর এসব বালাইনাশক বন্ধের সিদ্ধান্ত নিতে পারেনি। তবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের ইতিবাচক মনোভাব থাকায় ইতিমধ্যেই প্যারাকোয়াট বন্ধ বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পেরেছে পিটাক কমিটি।
নিম্নমানের, ক্ষতিকর বালাইনাশক আমদানি ও বিক্রি বন্ধ, পরিমিত ব্যবহার নিশ্চিত করতে এ খাতের একটি কার্যকরী নীতিমালা প্রণয়নের জন্য কৃষিমন্ত্রীর নির্দেশে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি, যে কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের সচিব। এতে সদস্য হিসেবে আছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ও পিটাক কমিটির সভাপতি ড. মো. আবদুছ ছালাম।
আবদুছ ছালাম দেশ রূপান্তরকে বলেন, বিশেষজ্ঞ কমিটি প্যারাকোয়েট ছাড়াও আরও ১৩টি আগাছানাশকের প্রত্যাহারের বিষয়ে আলোচনা করছে। তারা এ বিষয়ে একটি সুপারিশমালা দেবে পিটাক কমিটিকে। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরই এগুলো প্রত্যাহারের বিষয়ে পিটাক কমিটি অনুমোদন দেবে। তবে বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা চলছে।
জানা গেছে, ইথোপ্রোফস বাংলাদেশে ১৯৮৫ সাল থেকে আমদানি হচ্ছে। কিন্তু এ কীটনাশকের প্রভাবে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া, শ্বাসকষ্ট ও প্রাণহানির ঝুঁকি, মাটি ও জলজ জীবের ক্ষতির কারণে এটিকে ইতিমধ্যেই ৩৭টি দেশ ব্যবহার বন্ধ করে দিয়েছে। বেটা-সাইফ্লুথ্রিনের ব্যবহার বন্ধ করেছে ৩০টির বেশি দেশ। কারণ এর প্রভাবে ত্বকে জ্বালা, মাছ, জলজ জীব ও পরাগায়নকারী প্রাণীর ক্ষতি হয়। যে কারণে বাংলাদেশেও এটির ব্যবহার বন্ধের আলোচনা শুরু হয়েছে। ক্যাডুসাফস মানব শরীরে তীব্র বিষক্রিয়া তৈরি ও শ্বাসকষ্ট তৈরিতে ভূমিকা রাখে। ধ্বংস করে দেয় কেচো ও মাটির উপকারী জীব। সাইফ্লুথ্রিন চোখ ও ত্বকের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। স্পাইরোডাইক্লোফেন ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। এ কারণে ২৮টির বেশি দেশ এটির ব্যবহার বন্ধ করেছে। থিয়াক্লোপ্রিড প্রজনন ও ভ্রুণের বিকাশে তৈরি করতে পারে ব্যাপক ঝুঁকি।
জানা গেছে, মানবদেহে এসব কীটনাশক ক্ষতিকর প্রভাব ফেলে বলেই বিশ্বব্যাপী এগুলো বন্ধ করা হচ্ছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিলসহ বিশ্বের ৭০টির বেশি দেশে প্যারাকোয়াট নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ কেবল এটি নিষিদ্ধ করেছে। তবে ছয় মাসের মধ্যে এটি একেবারেই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিটাক কমিটি সূত্রে জানা গেছে, দেশে উচ্চঝুঁকির ১৭টি বালাইনাশকের ব্যাপক ব্যবহার হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ, অসংক্রামক রোগ বাসা বাঁধছে মানুষের শরীরে। উচ্চঝুঁকিপূর্ণ এসব বালাইনাশক ১ হাজার ৭৪১টি ব্র্যান্ড নামে নিবন্ধিত এবং বাজারে বিক্রি হচ্ছে। জাতীয় জীববৈচিত্র্য কর্মপরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ বিপজ্জনক বালাইনাশক ধাপে ধাপে কমিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে বলা হয়েছে, দেশে ৬৫-৭৫ শতাংশ মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। প্রতি বছর অসংখ্য মানুষ ক্যানসার, কিডনি রোগ, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, পাশাপাশি জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। যেখানে এসব ঝুঁকিপূর্ণ বালাইনাশকের প্রভাব থাকার কথা সেখানে দেশে এসব নিয়ে ব্যাপকহারে আলোচনা হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশে ১৯৫০-এর দিকে কীটনাশকের ব্যবহার শুরু হয়। ১৯৫৬ সালে তিন মেট্রিক টন কীটনাশক আমদানি করা হয়েছিল, যা ২০২৪ ও ২০২৫ সালে ৪০ হাজার টন ছাড়িয়েছে। সরকার বালাইনাশক আমদানিতে ব্যাপক ছাড় দেওয়ায় বর্তমানে দেশে ৩২৭টি মলিকুল বা ভ্যারিয়েন্টের পণ্য ব্যবহৃত হচ্ছে। ৭ হাজার ৪০৫টি ব্র্যান্ড নামে নিবন্ধিত এসব বালাইনাশক ব্যবহৃত হচ্ছে কৃষিতে।
সরকার বালাইনাশকের ব্যবহারে লাগাম টানতে চায়। একই সঙ্গে যাতে নিম্নমানের বালাইনাশক দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমদানি করা বালাইনাশক বন্দরে পরীক্ষার দাবি দীর্ঘদিনের। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষজ্ঞ কমিটি যে নীতিমালা তৈরির কাজ করছে সেখানে পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।