ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্ক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী ধনতলা শুঘানপাড়া নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে জুবায়ের আল আমিন নামে স্থানীয় এক কিশোর নাগর নদীর ওপাড়ে বাঘ দুটিকে বিচরণ করতে দেখে এবং তাৎক্ষণিকভাবে সেগুলোর ছবি মুঠোফোনে ধারণ করে।

জানা যায়, এদিন ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের খুব কাছেই অবস্থান করছিল এবং পরে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে পড়তে দেখা যায় তাদের। নদী পার হয়ে বাঘগুলোর বাংলাদেশের ভূখ-ে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণীর এমন অনাকাক্সিক্ষত উপস্থিতি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। বাঘগুলো অত্যন্ত ক্ষিপ্র এবং চা-বাগানের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় সেগুলোকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় গৃহস্থালি এবং গবাদিপশুর নিরাপত্তার বিষয়টি এখন প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে, নদী পার হয়ে বাঘগুলো যেকোনো সময় লোকালয়ে ঢুকে পড়তে পারে, যা প্রাণহানির ঝুঁকি তৈরি করবে।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, ‘বাঘের কথা শুনে নদীর পাড়ে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু বাঘ দেখতে পাইনি।’

সদর উপজেলার শিবগঞ্জ থেকে বাঘ দেখার জন্য ধনতলায় গিয়েছেন মো. শাহীন। তিনিও দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাঘ দেখতে পাননি বলে জানান।

ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু বিষয়টি ভারতের সীমান্তের ভেতরে এবং বাংলাদেশ সীমান্তের ওপারে তাই ভয়ের তেমন কোনো কারণ নেই। এরপরও সীমান্তবাসীকে সাবধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত