অভিযোজনে অর্থায়ন ১২০ বিলিয়ন ডলার করার আহ্বান বাংলাদেশের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ এএম

জলবায়ু-পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০৩৫ সালের আগে অভিযোজন-অর্থায়ন বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গ্রুপ। একই সঙ্গে জলবায়ু-অর্থায়ন সহজলভ্য করা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিলের অর্থ বাড়ানো এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ করে। সংবাদ সম্মেলনে ব্রিফ করেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সে সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও সংসদ সদস্য মানসুরা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আটটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জলবায়ু-অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি ও লোকসান, নিঃসরণ প্রশমন, ন্যায়সংগত রূপান্তর, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জলবায়ু-সম্পর্কিত বাণিজ্যিক ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করা।

গতকাল শুক্রবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জলবায়ু-আলোচনার অগ্রগতি, বাংলাদেশের অবস্থান, বিভিন্ন খাতে অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, কপ৩১-এর আনুষ্ঠানিক আলোচনার প্রথম চার দিন শেষ হয়েছে। পঞ্চম দিনের আলোচনা চললেও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। চলতি সপ্তাহের আলোচনাকে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত এবং জলবায়ু-সংকটের সম্মুখসারিতে থাকা মানুষের জন্য বাস্তব সহায়তায় রূপ দেওয়াই এখন প্রধান অগ্রাধিকার। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের জলবায়ুবিষয়ক হালনাগাদ তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততার অনুপ্রবেশ, তাপপ্রবাহসহ জলবায়ুজনিত বিভিন্ন ঝুঁঁকি মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নসংক্রান্ত অর্জনকে হুমকির মুখে ফেলছে।

নিজস্ব অর্থায়নে নিঃসরণ কমানোর লক্ষ্য ৬.৩৯ শতাংশ: সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের মোট গ্রিন হাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। তারপরও বাংলাদেশ উচ্চাভিলাষী-জলবায়ু কর্মসূচি গ্রহণ করছে। দেশের এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত ধারার (বিজনেস-অ্যাজ-ইউজুয়াল বা বিএইউ) পরিস্থিতির তুলনায় নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ৩৯ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।

এ লক্ষ্যে ছাদে সৌরবিদ্যুৎব্যবস্থা স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কবার্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন-কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

উপকূলীয় অবকাঠামো ও কৃষিতে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ : সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, বাংলাদেশ প্রথম পাঁচটি দেশের মধ্যে রয়েছে, যারা প্রত্যেকে ৩ কোটি মার্কিন ডলার করে পাওয়ার আশা করছে। এ অর্থ দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণে ব্যবহার করা হবে।

জলবায়ু-অর্থায়নে সহজ শর্তে সরাসরি অর্থ চায় বাংলাদেশ : সংবাদ সম্মেলনে জানানো হয়, জলবায়ু-অর্থায়নের ক্ষেত্রে গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থ পুনর্ভরন ও নতুন অর্থ সংগ্রহের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে সহজ প্রক্রিয়ায় সরাসরি অর্থ পাওয়ার আহ্বান জানানো হয়েছে।

অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে অর্থায়নের দাবি : সংবাদ সম্মেলনে বলা হয়, গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন বা বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনায় বেলেম অ্যাডাপটেশন ইন্ডিকেটরস এবং বেলেম-আদ্দিস ভিশন বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ এমন সূচক চায়, যার মাধ্যমে অতিরিক্ত প্রতিবেদন তৈরির চাপ সৃষ্টি না করে জলবায়ু-সহনশীলতার প্রকৃত উন্নতি পরিমাপ করা সম্ভব হবে। এ ছাড়া জাতীয় অভিযোজন-পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন-কার্যক্রম এবং এলডিসি গ্রুপের প্রস্তাবিত এনএপি বাস্তবায়ন প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে অর্থ বাড়ানোর আহ্বান : সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষয়ক্ষতি ও লোকসান মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজের (এফআরএলডি) অর্থের অপ্রতুলতার বিষয়টিও আলোচনায় তুলে ধরেছে এলডিসি দেশগুলো। জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় এ তহবিলের অর্থ পর্যাপ্ত নয় বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ এ তহবিলে অর্থ বাড়ানো, সরাসরি অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা, দ্রুত অর্থ ছাড় এবং অর্থনৈতিক ও অনার্থিক উভয় ধরনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তার আহ্বান জানিয়েছে।

২০৩০ সাল পর্যন্ত নিঃসরণ প্রশমন কর্মসূচি চালু রাখতে চায় বাংলাদেশ : সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৬ সালের পরও মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম চালু রাখার বিষয়ে ব্যাপক সমর্থন রয়েছে। তবে এর মেয়াদ ও কাঠামো নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত এ কর্মসূচি চালু রাখার পক্ষে। একই সঙ্গে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহায়তায় খাতভিত্তিক বাস্তবসম্মত সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

ন্যায়সংগত রূপান্তরে ঝুঁকিপূর্ণ দেশকে অগ্রাধিকার : সংবাদ সম্মেলনে বলা হয়, জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম চালু রাখা এবং প্রস্তাবিত জাস্ট ট্রানজিশন মেকানিজম শক্তিশালী করার বিষয়ে সমর্থন বাড়ছে। বাংলাদেশ দেশভিত্তিক চাহিদা, অনুরোধনির্ভর ও বাস্তবায়নমুখী পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। এ ক্ষেত্রে স্বল্পোন্নত ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্যারিস চুক্তির ৬.২ অনুচ্ছেদে সহযোগিতা সহজ করার দাবি : সংবাদ সম্মেলনে বলা হয়, প্যারিস চুক্তির ৬.২ অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অবকাঠামোতে টেকসই অর্থায়ন, কারিগরি বিশেষজ্ঞদের পর্যালোচনা এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ এমন ন্যায়সংগত ব্যবস্থা সমর্থন করে, যা স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য অতিরিক্ত বাধা সৃষ্টি করবে না।

উপকূলীয় জলবায়ু পর্যবেক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরে জোর : সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে জলবায়ু পর্যবেক্ষণ ও নজরদারির ঘাটতি তুলে ধরে শক্তিশালী জল-আবহাওয়া সংক্রান্ত সেবা, আগাম সতর্কবার্তা ব্যবস্থা এবং জলবায়ু তথ্যের ওপর গুরুত্ব দিয়েছে। প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, ক্লাইমেট টেকনোলজি সেন্টার অ্যান্ড নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যানের কার্যকরী বাস্তবায়নের পক্ষেও অবস্থান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, জলবায়ু-সম্পর্কিত একতরফা বাণিজ্যিক বাণিজ্যিক বিষয়েও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের (সিবিএএম) কারণে উন্নয়নশীল দেশগুলোর শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও রপ্তানি খাত অসম প্রভাবের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জলবায়ুনীতিতে ন্যায্যতা, সহযোগিতা এবং অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার নীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের আকাক্সক্ষা তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, এলডিসি গ্রুপ, জি-৭৭ ও চীন এবং অন্যান্য অংশীদার দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। সে সময়ে অনুদানভিত্তিক ও সহজলভ্য জলবায়ু-অর্থায়ন বাড়ানোর বিশ্বাসযোগ্য পথ তৈরি, অভিযোজন-অর্থায়ন তিন গুণ বাড়ানোর সুস্পষ্ট দিকনির্দেশনা এবং উন্নত দেশগুলোর জলবায়ু-অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আশা করছে বাংলাদেশ।

একইসঙ্গে জাতীয় অভিযোজন পরিকল্পনা ও বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রার বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা পৌঁছে দেওয়া, ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল শক্তিশালী করা এবং দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা করার আশা রয়েছে।

এ ছাড়া কার্যকরী ও বাস্তবায়নমুখী মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম চালু রাখা, এনডিসি বাস্তবায়নে সহায়তা, অন্তর্ভুক্তিমূলক ন্যায়সংগত রূপান্তর এবং প্যারিস চুক্তির আওতায় সহযোগিতা, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সুযোগে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বলা হয়, বাংলাদেশের জন্য জলবায়ু-আলোচনা শেষ পর্যন্ত মূল্যায়িত হতে হবে মানুষের জন্য কী সুফল বয়ে আনছে, তার ভিত্তিতে। কপ৩১-এর সাফল্য ঠিক কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিয়ে পরিমাপ করা হবে না। বরং প্রতিশ্রুত সহায়তা জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো, তাদের জীবিকা সুরক্ষিত করা এবং ন্যায়সংগত ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যমে সম্মেলনের সাফল্য নির্ধারিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত