ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনায় প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ।

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কার্যক্রম এবং সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত নেওয়া উদ্যোগ এবং সেগুলোর সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসব লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত