ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৭ সাল থেকে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী নির্বাচনে বিজেপিকে হটাতে জোটবদ্ধ হচ্ছে বিরোধীরা। নির্বাচন সামনে রেখে সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই রাজ্যের রাজনীতিতে নতুন মোড় এলো। রাজ্যটির দুই আলোচিত নেতাঅল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং আজাদ সমাজ পার্টির (এএসপি) প্রধান চন্দ্রশেখর আজাদ একত্রিত হয়ে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (এসপিএম) নামে নতুন জোট গঠন করেছেন।
এই জোট গঠনের পরপরই বিরোধী শিবির থেকে চিরাচরিত প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সমালোচকরা ওয়াইসিকে ক্ষমতাসীন বিজেপির ‘বি-টিম’ বলে আখ্যা দিচ্ছেন এবং নতুন এই জোটকে এসপি-কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের ভোট কাটার কৌশল হিসেবে অভিহিত করছেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে পশ্চিম উত্তরপ্রদেশ ও রোহিলখণ্ড অঞ্চলকে ক্ষমতার চাবিকাঠি হিসেবে দেখা হয়। ২০০৭ সালের বিধানসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) এই অঞ্চলে ৬৯টি আসন জিতে এককভাবে সরকার গঠন করেছিল। ২০১২ সালে এসপি এখানে ভালো ফল করে, আর ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিজেপি এই অঞ্চলে একচেটিয়া আধিপত্য বিস্তার করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদর্শগত বিতর্কের বাইরে গিয়ে বিগত নির্বাচনগুলোর ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করলে উত্তরপ্রদেশের রাজনীতির একটি ভিন্ন এবং জটিল সমীকরণ সামনে আসে। পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশের দলিত এবং মুসলিম উভয় সম্প্রদায়ই এখন নিজেদের জন্য আরও কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব খুঁজছে। ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায়, তৃতীয় কোনো শক্তির উপস্থিতি জয়-পরাজয়ের ব্যবধান বদলে দিতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সাহারানপুর ও মোরাদাবাদে- ওয়াইসি বা আজাদ কেউই প্রার্থী না দেওয়ায় মুসলিম ভোট একচেটিয়াভাবে কংগ্রেসের ইমরান মাসুদ এবং এসপির রুচি ভিরার পক্ষে গিয়েছিল। আসাদউদ্দিন ওয়াইসি এবং চন্দ্রশেখর আজাদের ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ উত্তর প্রদেশের সবকটি অর্থাৎ ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এমনটি হলে এসপির মুসলিম ভোট এবং বিএসপির দলিত ভোটে ভাগ বসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি যখন টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন ঐতিহ্যগতভাবে ছোট ছোট জনগোষ্ঠীর (যেমননিষাদ, মল্লহ, বিন্দ) ভোট ধরে রাখার চাপ বিজেপির ওপর থাকছে। তবে বিশ্লেষকদের মতে, নতুন এই রাজনৈতিক সমীকরণের ফলে এখন এসপি এবং বিএসপির মতো প্রতিষ্ঠিত দলগুলোকেই নিজেদের মূল ভোটব্যাংক রক্ষায় সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে হবে।