সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ

সিডরের সেই ভয়াবহতা পেরিয়ে ১৯ বছর অতিবাহিত হলেও দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় দুমকির মানুষকে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা এ অঞ্চলের বাসিন্দাদের কাছে সিডর এখনো বড় সতর্কবার্তা।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

আজ ১৫ নভেম্বর, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৯তম বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে ঘূর্ণিঝড়টির ভয়াবহ আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও গাছচাপায় দুমকি উপজেলায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, কৃষি, মৎস্য খাত ও যোগাযোগ অবকাঠামো।

সিডরের তাণ্ডবে পায়রা ও লোহালিয়া নদীবেষ্টিত দুমকি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। জলোচ্ছ্বাসে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েন অসংখ্য মানুষ। পাঙ্গাশিয়া, লেবুখালী, শ্রীরামপুর, আংগারিয়া ও মুরাদিয়াসহ বিভিন্ন ইউনিয়নে বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। প্রবল বাতাসে উপড়ে পড়ে বড় বড় গাছপালা।

ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে কৃষি ও মৎস্য খাত। জলোচ্ছ্বাসের পানিতে আমন ধান ও শীতকালীন শাকসবজির ক্ষেত তলিয়ে যায়। ভেসে যায় অনেক পুকুর ও মাছের ঘের। এতে স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। জীবিকার অবলম্বন হারিয়ে সংকটে পড়েন বহু পরিবার।

এছাড়া সড়কের ওপর গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হয় বাসিন্দাদের। স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে স্থানীয়দের পাশাপাশি প্রশাসন ও বিভিন্ন সংস্থাকে ব্যাপক প্রচেষ্টা চালাতে হয়।

উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপার মতো দুমকিতেও সিডরের ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক। তবে সমুদ্র উপকূলবর্তী উপজেলাগুলোর তুলনায় দুমকিতে প্রাণহানির সংখ্যা অপেক্ষাকৃত কম ছিল বলে স্থানীয়ভাবে জানা যায়।

সিডরের সেই ভয়াবহতা পেরিয়ে ১৯ বছর অতিবাহিত হলেও দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় দুমকির মানুষকে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা এ অঞ্চলের বাসিন্দাদের কাছে সিডর এখনো বড় সতর্কবার্তা। ভবিষ্যতে এমন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র স্থাপন, আগাম সতর্কবার্তা পৌঁছানো এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত