নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের কেনা জমি জোরপূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়েছেন ভূক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।
ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায় সকল প্রকার ষড়যন্ত্র ও হয়রানী থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও রাজনীতিবিদদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
শনিবার(১৪ নভেম্বর) বিকেলে ভুক্তভুগীরা দূর্গাপুর প্রফুল্ল বিশ্বাসের বাড়ির সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দুর্গাপুর এলাকার ভূক্তভোগী নয়ন বিশ্বাস, ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর, কামনা গাঙ্গুলী, পিটোল গাঙ্গুলীসহ অনেকে।
বক্তব্যে ভূক্তভোগী নয়ন বিশ্বাস বলেন, ‘দুর্গাপুর এলাকার বাপ্পা বেগ এবং তার সহযোগী তরুণ লস্কর দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী কিছু নেতার প্রভাব খাটিয়ে প্রফুল্ল বিশ্বাসের জমি দখল ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। বাড়িতে ঘর নির্মাণসহ অন্যান্য কর্মকান্ডে বাঁধা দেয়া হচ্ছে। মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। নারী-শিশুসহ তাদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। তাদের অত্যাচারে স্থানীয় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বাপ্পা বেগসহ তাদের লোকজনের বাঁধার কারণে ঘর নির্মাণ ব্যাহত হচ্ছে। আমাদের স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়েছে। আমাদের স্বাভাবিক জীবনযাপনসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’
অন্য বক্তারা বলেন, নড়াইল পৌরসভার দুর্গাপুর-ডুমুরতলা মৌজার সাবেক ২৭৭৫ নং দাগ ও বর্তমান হাল ১৬২৮ দাগের ১২শতক জমি দুর্গাপুর এলাকার বাপ্পা বেগ এবং তাঁর সহযোগীরা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। জমির মালিক দাবিকারি প্রফুল্ল বিশ্বাস, তার স্ত্রী, কন্যা ও পরিবারের সদস্যরা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়ভীতির মধ্যে রয়েছেন। জমি থেকে তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে। জমি দখলের লক্ষ্যে তাদের নামে হয়রানিমূলক মামলা দায়ের ও জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত বাপ্পা বেগ বলেন, দুর্গাপুর-ডুমুরতলা মৌজার সাবেক ২৭৭৫ নং দাগ ও বর্তমান হাল ১৬২৮ দাগের ১২ শতক জমি তার ক্রয়কৃত জমি। এখানে প্রফুল্ল বিশ্বাসের ক্রয়করা প্রকৃতভাবে ৩শতক জমি আছে। জাল দলিলসহ জোরপূর্বক ১২শতক জমি প্রফুল্ল ভোগ দখল করছেন। এই জমির পাশে আমার আরও জমি রয়েছে। আমি কারো জমি দখলের চেষ্টা করিনি কিংবা ঘর নির্মাণেও বাঁধা প্রদান করিনি। আমি কারও কাছে চাঁদাও দাবি করিনি। আমাকে হয়রানি ও সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার নামে ষড়যন্ত্রমূলক, বানোয়াট ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।