রাবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু আজ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে পরবর্তী সময়ে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।

আবেদনের যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তাদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে।

মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।

জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং বাকি তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।

ও লেভেল, এ লেভেল ও জাতীয় শিক্ষাক্রমের ইংরেজি ভার্সনে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে। এ সুবিধা নিতে আগ্রহীদের আবেদনের সময় অনলাইনে সংশ্লিষ্ট অপশন নির্বাচন করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত