আগামী মৌসুমে কেজি ৩৫ টাকা দরে ৩.০০ লাখ মে.টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫.০০ লাখ মে.টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০,০০০ মে.টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী আফরোজা খানম ৷
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের উত্তরে খাদ্য মন্ত্রী আফরোজা খানম এ সব কথা জানান ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল ৷
প্রশ্নে মোঃ সেলিমুজ্জামান মোল্যা জানতে চান আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিনা এবং করে থাকলে তা কি। এছাড়াও খাদ্য সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়ে থাকলে তা কত।
উত্তরে খাদ্য মন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে গত ০৮-১১-২০২৬ তারিখে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩.০০ লাখ মে.টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫.০০ লাখ মে.টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ৫০,০০০ মে.টন আতপ চাল সংগ্রহের জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত ধানের উৎপাদন ও চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শীঘ্রই গোপালগঞ্জ জেলায় ধান-চালের লক্ষ্যমাত্রা প্রদান করা হবে।