অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছয়জনকে হত্যা

ট্রাইব্যুনালে হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচার শুরু

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগদলীয় (এখন কার্যক্রম নিষিদ্ধ) সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিচার শুরু হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরু হয়।

প্রসিকিউশনপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপর প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী আনিছ আহমেদ। জবানবন্দি শেষে আগামী ২২ নভেম্বর সাক্ষীকে জেরার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচ আসামিকে এদিন ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। তাঁরা হলেন—চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ১৭ আসামি এখনো পলাতক।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় ১৬ ও ১৮ জুলাই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে ১৬ জুলাই যাঁদের হত্যা করা হয়, তাঁরা হলেন মোহাম্মদ ওয়াসিম আকরাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ শান্ত ও মোহাম্মদ ফারুক। আর ১৮ জুলাই হত্যাকাণ্ডের শিকার হন তানভীর সিদ্দিকী, মো. সাইমুন মাহিন ও হৃদয় চন্দ্র বড়ুয়া।

গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়ে গত ৬ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল। তবে গ্রেপ্তার পাঁচ আসামি অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করায় বিচার শুরুর শুনানি পিছিয়ে যায়। অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি শেষে গত ১৯ অক্টোবর তা খারিজ করেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ সর্বাধিক পঠিত