‘নীরব এলাকায়’ শব্দদূষণ নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতায় প্রচার চালাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের উচ্চ আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে তিন মাস পরপর আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিতের নির্দেশনা চেয়ে গত ২৭ অক্টোবর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে এ রিট আবেদনটি করে। আবেদনের যুক্তিতে বলা হয়, ২ কোটি ২০ লাখের বেশি লোকের বাস রাজধানী ঢাকা আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সূচকে পরিবেশগত মানদণ্ডে পিছিয়ে রয়েছে। ঢাকা এখন শব্দদূষণে নগরী এবং দূষণে প্রায়ই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।
শব্দদূষণের প্রধান উৎসগুলোর বিষয়ে বলা হয়, গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের অপ্রয়োজনীয় ও তীব্র হর্ন বাজানো, হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, শিল্পকারখানা, নির্মাণকাজ ও জেনারেটরের মাধ্যমে উৎপন্ন শব্দ, সামাজিক অনুষ্ঠানগুলোতে উচ্চ শব্দের যন্ত্র বাজানো, জনপরিসরে অনিয়ন্ত্রিত মাইক ও লাউডস্পিকারের ব্যবহার এবং বিশেষ সময়ে আতশবাজি ও পটকার বিস্ফোরণ ইত্যাদি। ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারদিকের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী [১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন; ২০২৩ সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা; ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন; ২০১৮ সালের সড়ক পরিবহন আইন; ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা; ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড] শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চয়তা দেওয়া নাগরিকের জীবনের অধিকারের পরিপন্থী, বেআইনি এবং জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকায় এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান/উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও সময়াবদ্ধ একটি কর্মপরিকল্পনা তৈরি এবং তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।