 বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট

শিক্ষার দৈন্য ঘোচাতে হবে  

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ এএম

বিশ্ববিদ্যালয় শুধু প্রতিষ্ঠান নয়, বিশ্ববিদ্যালয় একটি ক্ষেত্র, যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থী শুধু নিজের বা পরিবারেরই নয়, দেশ-জাতির কল্যাণের জন্য নিজেকে তৈরি করেন। কিন্তু এর জন্য চাই যথাযথ শিক্ষা, শিক্ষার উপযুক্ত পরিবেশ এবং শিক্ষার্থীর ভিত গড়তে যোগ্য শিক্ষক। কিন্তু আমাদের বাস্তবতায় এই প্রতিটি অনুষঙ্গেই কতটা ঘাটতি রয়েছে এর সাক্ষ্য মেলে ১৫ নভেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে। ‘শিক্ষক সংকটে ধুঁকছে বিশ্ববিদ্যালয়’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গ্রাফ ঊর্ধ্বমুখী, বিপরীতে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয় খোলার দিকে নীতিনির্ধারকদের যতটা মনোযোগ, শিক্ষার মান বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে তার ছিটেফোঁটাও নেই। শুধু এটুকুতেই প্রতীয়মান হয়, আমাদের উচ্চশিক্ষার দুরবস্থা। এর বহুমাত্রিক নেতিবাচকতাও ক্রমেই হয়ে উঠছে দৃশ্যমান। এই প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে কোন অনিশ্চয়তার বৃত্তবন্দি হচ্ছে উচ্চশিক্ষাব্যবস্থা।

ওই প্রতিবেদনেই বলা হয়েছে শ্রেণিকক্ষ, গবেষণাগার, গবেষণা বাজেট, গ্রন্থাগার ও আবাসিক হলের সংকটের মধ্যে সবচেয়ে প্রকট হয়ে উঠেছে শিক্ষক সংকট। প্রশ্ন হচ্ছে শিক্ষক ছাড়া শিক্ষা কীভাবে সম্ভব! প্রচলিত আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২০ ধরা হলেও আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এর চেয়ে কতটা পিছিয়ে, এরও পরিসংখ্যান রয়েছে দেশ রূপান্তরের প্রতিবেদনেই। বলা হয়েছে, দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গড়ে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ৪৩ জন। অন্যদিকে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অনুপাত ১:২২। দেখা যাচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপ্রতি শিক্ষার্থীর সংখ্যা আন্তর্জাতিক মানদণ্ডের দ্বিগুণেরও বেশি। এমতাবস্থায় মানসম্পন্ন শিক্ষা তো দূরের কথা, শিক্ষার স্বাভাবিক কার্যক্রম চালানোই তো দুরূহ। আমরা এও দেখছি, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে মনোযোগ যতটা বেশি, শিক্ষক সংকট দূরীকরণে উদাসীনতা ততটাই গভীর। আমরা অবকাঠামো উন্নয়নের গুরুত্ব অস্বীকার করি না, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা লাভের সেতু মজবুত না করে আনুষঙ্গিকতায় নজর গভীর করে লক্ষ্য অর্জন কতটা সম্ভব?

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ব্যাপারে দেশ রূপান্তরের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘শিক্ষাব্যবস্থার যেদিকে তাকাই সেদিকেই শুধু সংকট আর সংকট। আমরা চেষ্টা করছি সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার। শিক্ষক সংকট দূর করতে দ্রুত কীভাবে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ দেওয়া যায় সেদিকে নজর দেওয়া হবে।’ তার বক্তব্যের সঙ্গে আমরা বহুলাংশে সহমত পোষণ করলেও একই সঙ্গে প্রশ্ন রাখতে চাই সংকট নিরসনে অগ্রাধিকার ভিতিত্তে কোন দিকে বেশি লক্ষ দেওয়া উচিত? আমরা মনে করি, মান উন্নয়নের। মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে অগ্রগণ্য শিক্ষাদান ব্যবস্থার পথ মসৃণ করা আর এর জন্য প্রথমেই জরুরি উপযুক্ত শিক্ষক। এই প্রেক্ষাপটে মূল জায়গায় গলদ রেখে অগ্রগতির সড়ক চওড়া করা দুরূহ নয় কি? যুক্তরাষ্ট্রের খ্যাতিমান প্রেরণাদায়ক লেখক উইলিয়াম আর্থার ওয়ার্ড বলেছেন, ‘সাধারণ শিক্ষক ব্যাখ্যা করেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক প্রদর্শন করেন এবং মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।’ শিক্ষক নিয়ে তার শেষোক্ত তিনটি অনুষঙ্গ যদি বাদও দিই তাহলেও বলতে হয়, সাধারণ শিক্ষকের সংকটই তো আমরা কাটিয়ে উঠতে পারছি না।

ব্রাজিলের মানবতাবাদী শিক্ষক ও দার্শনিক পাওলো হায়াগ্লুস ন্যাভিস ফ্রেইরি তার জগদ্বিখ্যাত গ্রন্থ ‘নিপীড়িতের শিক্ষাবিজ্ঞান’-এ বলেছেন, ‘শিক্ষা বিশ্বকে বদলায় না, শিক্ষা মানুষকে বদলায় এবং মানুষই বিশ্বকে বদলায়’। কিন্তু আমরা কি প্রজন্মকে পরিপার্শ্ব বদলানোর যথাযথ শিক্ষা দিতে পারছি? বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট ঘোচাতে হবে দেশ-জাতির বৃহৎ স্বার্থ-প্রয়োজনে এবং যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে, যিনি ছাত্রকে কীভাবে শিখতে হয় তা শেখাবেন তার দায়িত্ব ও কর্তব্যবোধের জায়গা থেকে। বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের সূতিকাগার। সেখানে শিক্ষকের মতো অপরিহার্যতার ব্যাপারে উদাসীন থাকার বিন্দুমাত্র অবকাশ নেই, তা বিস্মৃত না হলেই মঙ্গল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ‘জ্ঞানে বিনিয়োগ সবচেয়ে বেশি সুদ দেয়’ উক্তিটির সূত্র ধরে আমরা বলতে চাই, দেশের অনেক সংকটই শিক্ষার আলোয় দূর করা সম্ভব। শিক্ষক সংকট জিয়িয়ে রাখলে এর বিরূপ প্রভাব হবে আরও বহুমুখী, যা আমাদের সব সম্ভাবনায় অভিঘাত করবে এবং তা কোনোভাবেই কাম্য হতে পারে না। 

সর্বশেষ সর্বাধিক পঠিত