পাবিপ্রবিতে স্বস্তি সাদা-খয়েরি বাস

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাদা-খয়েরি বাসগুলো এখন শিক্ষার্থীদের কাছে শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং ক্যাম্পাস জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটে ছুটে চলা এসব বাসে জমে ওঠে আড্ডা, বন্ধুত্ব, হাসি-ঠাট্টা আর অসংখ্য স্মৃতি। আবাসন সংকটের বাস্তবতায় অনেক শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসে আসা-যাওয়ার প্রধান ভরসাও এই বাসগুলো।

তবে আজকের পরিচিত সাদা-খয়েরি বাসগুলোর পেছনে রয়েছে দীর্ঘ এক পথচলার গল্প।

বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা ছিল না। শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে হতো রিকশা, ভ্যান, নসিমন-করিমন, টেম্পো কিংবা অন্যান্য স্থানীয় যানবাহনে। প্রতিদিনের এই যাত্রা ছিল সময়সাপেক্ষ, কষ্টকর এবং অনেক ক্ষেত্রেই অনিশ্চিত। শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা কমাতে পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু লেগুনা ভাড়া করা হয়। এতে সাময়িকভাবে স্বস্তি মিললেও শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসির ডাবল ডেকার বাস ভাড়া করা হয়। বড় পরিসরে শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় তখন অনেকটাই স্বস্তি ফিরে আসে। ২০১২ সালে বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো নিজস্ব বাসের বহরে যুক্ত করে। বাসগুলোর রঙ করা হয় আকাশি ও খয়েরির সমন্বয়ে।  বিশ্ববিদ্যালয়ের বাসের পরিচিত রঙে পরিবর্তন আসে ২০১৪ সালের দিকে। এ সময় পরিবহন বহরে যুক্ত হওয়া পঞ্চম বাসটিতে প্রথমবারের মতো সাদা ও খয়েরি রঙের সমন্বয় করা হয়। নতুন এই রঙ দ্রুতই শিক্ষার্থীদের নজর কাড়ে। ধীরে ধীরে সাদা-খয়েরিই হয়ে ওঠে পাবিপ্রবির বাসের পরিচিত রূপ। দিনের শুরুতে বাসগুলোতে যেমন থাকে ক্লাসে পৌঁছানোর তাড়া, দিনের শেষে ফেরার পথে থাকে দিনের ক্লান্তি আর গল্পের আসর। একই বাসে নিয়মিত যাতায়াত করতে করতে অপরিচিত মুখগুলোও একসময় পরিচিত হয়ে ওঠে। কোনো শিক্ষার্থীর কাছে বাস মানে বন্ধুত্বের শুরু, কারও কাছে পরীক্ষার আগে শেষ মুহূর্তের পড়াশোনা। কারও জীবনের গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন হয়তো শুরু হয়েছিল বাসের একটি সিট থেকেই। সাদা-খয়েরি বাসগুলো যেন আরেকটি অনানুষ্ঠানিক ক্যাম্পাস।

শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সর্বাধিক পঠিত