ডাবল সেঞ্চুরিতে সেরা মোসাদ্দেক

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সপ্তম ও শেষ রাউন্ডের দ্বিতীয় দিনটি ছিল ব্যাটসম্যানদের দাপটের। গতকাল চার ম্যাচের লড়াইয়ে একটি ডাবল সেঞ্চুরির সঙ্গে দুটি শতক হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে রেকর্ড গড়েছেন মোসাদ্দেক হোসেন। তার ২২০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছে ময়মনসিংহ বিভাগ। অন্যদিকে ঢাকার হয়ে শতক হাঁকান আশিকুর রহমান শিবলী। সিলেটের হয়ে তিন অঙ্ক স্পর্শ করেন অমিত হাসান। এ ছাড়া খুলনার হয়ে নুরুল হাসান সোহান ৯৪ রানে অপরাজিত আছেন। বোলারদের মধ্যে ৫ উইকেট নিয়ে আলো ছড়ান আবু জায়েদ রাহি।

সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে আগের দিনের ৭ উইকেটে ৩০৯ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে নিজের ইনিংস এগিয়ে নেন আগের দিন ১৩৭ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক। একপর্যায়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। ২১৫ বলে ২২টি চার ও ১০টি ছক্কায় সাজানো তার ২২০ রানের ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অনন্য হয়ে থাকল। এটি এই সংস্করণে তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের তিনটির বেশি ডাবল সেঞ্চুরি নেই। মোসাদ্দেকের এই কীর্তিতে পেছনে ফেলেছেন অলক কাপালি, তুষার ইমরান, রনি তালুকদার, লিটন দাস, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহীদ হৃদয় ও তাইবুর রহমানকে। তাদের প্রত্যেকের ডাবল সেঞ্চুরি তিনটি করে।

ময়মনসিংহের ইনিংসে মোসাদ্দেককে দারুণ সঙ্গ দিয়েছেন আরিফুল ইসলাম জনি। অষ্টম উইকেটে দুজন গড়েন ২১৮ রানের জুটি। জনি অপরাজিত থাকেন ৫৩ রানে। শেষ পর্যন্ত ৯৪.২ ওভারে ৯ উইকেটে ৪৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। এরপর রাজশাহী ৩ উইকেটে ১৭৮ রান তুলেছে দলটি। এখনো ২৬২ রানে পিছিয়ে তারা।

দিনের অন্য ম্যাচে ঢাকার হয়ে চট্টগ্রামের বিপক্ষে ১৯০ বলে ১০৫ রান করেন শিবলী। তার ইনিংসে ছিল ১১টি চার ও দুটি ছক্কা। ৮৭ ওভার শেষে ৭ উইকেটে ২৮২ রান করেছে ঢাকা। আরেক ম্যাচে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ২২৮ রানের অলআউট করা সিলেটের হয়ে ১৪৯ বলে ১০১ রান করেন অমিত। সঙ্গে মুবিন আহমেদ দিশানের ৭৫ রানের সুবাদে ৬৫ ওভার শেষে ৪ উইকেটে ২৩৯ রান তুলে ১১ রানের লিড নিয়েছে দলটি। অন্যদিকে রংপুরের বিপক্ষে খুলনা ৭ উইকেটে ২৭৬ রান নিয়ে দিন শেষ করেছে। মোহাম্মদ মিঠুনের ৭৪ রানের পাশাপাশি সোহান ১২৮ বলে ৯৪ রান করে অপরাজিত আছেন। রংপুরের ৩৩৮ রানের চেয়ে এখনো ৬২ রানে পিছিয়ে খুলনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত