ক্ষমা চাইলেন শ্রাবণ ক্ষুব্ধ জামাল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ এএম

২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু শনিবার পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন শেষ হয়েছে সেমিফাইনালেই। ম্যাচের শেষ দিকে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে গোল হজম করে বাংলাদেশ। আবদুল সামাদ আরশাদের সেই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান। আর স্বাগতিক বাংলাদেশের ভাগ্যে জোটে হতাশা ও আক্ষেপ।

ম্যাচের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে শ্রাবণ। গোল হজমের জন্য তাকেই দায়ী করছেন অনেকে। গতকাল ফেসবুকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এই গোলকিপার। শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাক্সিক্ষত ভুল সবকিছু বদলে দিয়েছে। জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

শ্রাবণের কণ্ঠে অনুশোচনা। আর জামাল ভূঁইয়ার কথায় ক্ষোভ, অভিমান ও হতাশা। পাকিস্তানের বিপক্ষে দলের কৌশল ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে তাকে মাঠে নামানোয় দেরি করায় অসন্তুষ্ট জামাল। টিম হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের কাছে নিজের হতাশার কথা জানিয়েছেন এই মিডফিল্ডার। বলেছেন, ‘অনেক খারাপ লাগছে। ঠিকমতো ঘুমাতে পারছি না। সারা রাত, ভোর ৬টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। আমার খুব রাগ হয়েছিল।’

শুধু নিজের মাঠে নামা নিয়েই নয়, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। তার মতে, প্রতিপক্ষের কৌশল জানা থাকার পরও সেটির মোকাবিলায় কোনো সমাধান খুঁজে পায়নি বাংলাদেশ। জামালের ভাষায়, ‘আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর একটা কারণ হতে পারে কৌশলগত ঘাটতি। পাকিস্তান কি আমাদের জন্য খুব নতুন কোনো কৌশল নিয়ে এসেছিল? তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটা তো আমাদের জানা ছিল। সাধারণত পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলার কিছু কৌশল বা সমাধান থাকে। কিন্তু এই ম্যাচে আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। বিষয়টি হতাশাজনক।’

সর্বশেষ সর্বাধিক পঠিত