ল্যাবএইড ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। রবিবার পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪ টেলিভিশনকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাজহারুল ইসলাম। টুর্নামেন্ট সেরা হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন। এর আগে দিনের দুটি সেমিফাইনালে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ টেলিভিশন ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ফাইনাল খেলায় সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যানসার হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন, ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।