সাফে বাংলাদেশের স্বপ্নভঙ্গের কারণ কী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ এএম

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা। কিন্তু তার অবসান হলো না। ২০০৩ সালে দেশের মাটিতে সাফ জেতার পর আরও একটি সুযোগ এসেছিল। আট প্রবাসী নিয়েও সেই প্রত্যাশা মেটেনি। স্বাগতিকদের আশার গুড়ে বালি ছিটিয়ে দিয়েছে পাকিস্তান। তাই ফাইনালে এখন কেবল দর্শক হয়ে থাকতে হচ্ছে হামজা চৌধুরী, শমিত সোম এবং ফারহান আলীদের। সেমিফাইনালের মতো একটি ম্যাচে কেন এমন হলো? কী কারণে স্বপ্নভঙ্গ হলো স্বাগতিকদের, তাই জানালেন সাবেক তারকা ফুটবলাররা।

আশরাফ উদ্দিন চুন্নু

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের মূল কারণ ছিল গোল করতে না পারা। আমার কাছে মনে হয়েছে, ছেলেরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং জয়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু ফুটবল এমন একটি খেলা, যেখানে ভালো খেললেই জয় নিশ্চিত হয় না; গোল করতে হয়, সুযোগ কাজে লাগাতে হয়। পাকিস্তান অত্যন্ত পরিকল্পিতভাবে খেলেছে। তারা আমাদের খেলোয়াড়দের ম্যান টু ম্যান মার্কিং করেছে। পাশাপাশি নিজেদের রক্ষণভাগ গুছিয়ে রেখে সুযোগ বুঝে আক্রমণে গেছে। ফলে আমরা প্রত্যাশা অনুযায়ী আক্রমণ তৈরি করতে পারলেও সেগুলোকে গোলে রূপান্তর করতে পারিনি। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলের সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল। অন্যদিকে, আমাদেরও কিছু ভালো সুযোগ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেসব সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। পাশাপাশি যে গোলটি আমরা হজম করেছি, সেটিও ছিল অত্যন্ত হতাশাজনক। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একটি ভুল কিংবা একটি গোলই পুরো ফলাফল বদলে দিতে পারে।

আমি মনে করি, পুরো দলকে ব্যর্থ বলার সুযোগ নেই। ছেলেরা চেষ্টা করেছে, ভালো খেলেছে; কিন্তু গোলের দেখা পায়নি। কখনো কখনো ফুটবলে এমন দিন আসে, যেদিন সব চেষ্টা সত্ত্বেও কাক্সিক্ষত ফল পাওয়া যায় না। হয়তো এই পরাজয়ই আমাদের কপালে লেখা ছিল। তবে এই দলটির সামর্থ্যরে ওপর আমার বিশ্বাস রয়েছে। আশা করি, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

আবদুল গাফফার

হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদদের নিয়ে গড়া দলটি কাগজে-কলমে ছিল যথেষ্ট শক্তিশালী। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠায় প্রত্যাশাও বেড়েছিল কয়েক গুণ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের পরাজয় আমাদের ফুটবলের কিছু পুরনো দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। আমার দৃষ্টিতে, বাংলাদেশের প্রথম ব্যর্থতা ছিল সুযোগ কাজে লাগাতে না পারা। ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও আক্রমণগুলোকে গোলে পরিণত করা যায়নি। রাকিব হোসেনের পোস্টে লাগা বল কিংবা একাধিক সহজ সুযোগ হাতছাড়া হওয়ার মূল্য শেষ পর্যন্ত দিতে হয়েছে দলকে।

দ্বিতীয়ত, দলের খেলায় পরিকল্পনার ধারাবাহিকতার অভাব ছিল। শুধু বলের দখল কিংবা ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে বড় ম্যাচ জেতা যায় না। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে প্রয়োজন দ্রুত পাস, কার্যকর উইং আক্রমণ এবং বক্সে নিখুঁত ফিনিশিং। এসব জায়গায় বাংলাদেশ প্রত্যাশা পূরণ করতে পারেনি। সবচেয়ে হতাশার বিষয়, ম্যাচের শেষ দিকে মনোযোগের ঘাটতি। ৮৫ মিনিটে আব্দুল সামাদের গোলটি বাংলাদেশের রক্ষণ ও ম্যাচ ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট করেছে। তবে এই ব্যর্থতার দায় শুধু খেলোয়াড়দের নয়। কোচিং পরিকল্পনা, বিকল্প খেলোয়াড় ব্যবহারের কৌশল এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সবকিছুরই মূল্যায়ন প্রয়োজন। হামজাদের নিয়ে স্বপ্ন দেখা ভুল ছিল না, ভুল ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতিতে। এই হার থেকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। মনে রাখতে হবে, তারকা দিয়ে দল হয়, কিন্তু শিরোপা জিততে প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও কার্যকর দলীয় ফুটবল।

আমিনুল হক

পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আমি আরও বেশি আশাবাদী হয়ে উঠেছিলাম। মনে হচ্ছিল, এবার হয়তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ আবারও সাফ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে।

সেই স্বপ্ন ও প্রত্যাশা নিয়েই আমরা সবাই মাঠে উপস্থিত হয়েছিলাম। খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, আর গ্যালারিতে থাকা দর্শকরাও প্রাণ উজাড় করে বাংলাদেশ দলকে সমর্থন দিয়েছেন। কিন্তু ফুটবল তো গোলের খেলা! শেষ মুহূর্তের একটি গোলেই আমাদের সব প্রত্যাশা ভেঙে গেল। কাক্সিক্ষত জয় না পাওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো আমাদের। তবুও আমি বিশ্বাস করি, এই হারই শেষ কথা নয়। আগামী দিনেও আমরা নতুন করে স্বপ্ন দেখব, নতুন আশায় বুক বাঁধব।

২০০৩ সালে বাংলাদেশ যখন সাফ চ্যাম্পিয়ন হয়েছিল, আলহামদুলিল্লাহ, আমি সেই ঐতিহাসিক দলের একজন গর্বিত সদস্য ছিলাম। আমার স্বপ্ন ছিল, ২০২৬ সালে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। পুরনো রেকর্ড ভেঙে নতুন একটি প্রজন্ম বাংলাদেশকে সাফের শিরোপা এনে দেবে। দুর্ভাগ্যবশত, সেই স্বপ্ন পূরণ হলো না। আমাদের অপেক্ষাটা হয়তো আরও কিছুটা দীর্ঘ হলো। তবুও আশাবাদ হারাতে চাই না। বাংলাদেশের ফুটবলের প্রতি ভালোবাসা ও বিশ্বাস নিয়েই অপেক্ষায় থাকব। ইনশাআল্লাহ, আগামীতে আমাদের এই প্রজন্মই কাক্সিক্ষত সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি বাংলাদেশে ফিরিয়ে আনবে।

সৈয়দ রুম্মান বিন ওয়ালি সব্বির

পাকিস্তানের বিপক্ষে পরাজয়টি ছিল আমাদের জন্য অপ্রত্যাশিত। তবে একটি ফলের পর অতিরিক্ত উচ্ছ্বাস কিংবা হতাশায় ভেসে যাওয়ার কিছু নেই। ফারহানের গোলকে মেসির গোলের সঙ্গে তুলনা করাটাও আমার কাছে যথাযথ মনে হয়নি। ফারহান একজন উইংয়ের খেলোয়াড়। আমরা তাকে ও রাকিবকে উইংয়ে খেলিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের জন্য পর্যাপ্ত ক্রস কোথায়? মাঝমাঠ থেকে প্রয়োজনীয় থ্রু পাস আসেনি, আক্রমণ তৈরির কার্যকর পরিকল্পনাও চোখে পড়েনি। তাহলে গোল আসবে কীভাবে? আমার মনে হয়েছে, কোচের গেমপ্ল্যান ও খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্তে ঘাটতি ছিল। যারা প্রবাস থেকে এসেছে, তাদের শারীরিক ক্লান্তি বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার দরকার ছিল। পুরো বিষয়টি অবশ্যই কোচের পরিকল্পনার ওপর নির্ভর করে।

সবচেয়ে হতাশার বিষয়, শেষ পাঁচ মিনিটে আমাদের মধ্যে অযথা তাড়াহুড়া দেখা গেছে। যখন বল গোলকিপারের নিয়ন্ত্রণে ছিল, তখন এমন অস্থিরতার প্রয়োজন ছিল না। এই জায়গায় অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়েছে। আমাদের সময়ে মাঠে একজন খেলোয়াড় আরেকজনকে পরামর্শ দিত, ভুল শুধরে দিত। এখন সেই পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্বের ঘাটতি চোখে পড়ে। আমরা ইতিবাচক আক্রমণ তৈরি করতে পারিনি। ডি-বক্সে পর্যাপ্ত বল সরবরাহ হয়নি, উইং থেকেও কার্যকর আক্রমণ আসেনি। রাকিব কিছু সুযোগ তৈরি করলেও দলীয়ভাবে গোল করার মতো ফুটবল আমরা খেলতে পারিনি।

আসলে মাস্টারপ্ল্যান না থাকলে খেলাধুলায় উন্নতি করা যায় না। শুধু খেলোয়াড়দের চেষ্টা দিয়ে ম্যাচ জেতা যায় না। প্রয়োজন সঠিক পরিকল্পনা, সময়োপযোগী সিদ্ধান্ত, মাঠের ভেতরে যোগাযোগ এবং অভিজ্ঞ নেতৃত্ব। পাকিস্তানের কাছে এই পরাজয় আমাদের জন্য বড় শিক্ষা।

সর্বশেষ সর্বাধিক পঠিত