টেস্ট ক্রিকেটে অভিষেকের দিনটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন মাহফিজুল ইসলাম রবিন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ধারাবাহিক রান করে দক্ষিণ আফ্রিকা সফরের দলে জায়গা করে নেওয়া এই তরুণ ওপেনারের সামনে ছিল নিজেকে প্রমাণের সুযোগ। কিন্তু জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে সেই স্বপ্নের শুরুটাই হলো দুঃস্বপ্নের মতো। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই আউট হন তিনি। তিক্ত অভিষেকের পাশাপাশি টেস্ট ইতিহাসের বিরল এক তালিকায় নাম লেখান রবিন।
চোটের কারণে সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় রবিনের। ইনিংসের প্রথম ওভারে বল হাতে নেন দক্ষিণ আফ্রিকার গতিতারকা কাগিসো রাবাদা। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে শরীর থেকে দূরে ব্যাট চালান রবিন। ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে গালিতে দাঁড়ানো মার্কো ইয়ানসেনের হাতে। কোনো রান করার আগেই গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয় তাকে। এই আউটের মধ্য দিয়ে টেস্ট অভিষেকের প্রথম বলেই বিদায় নেওয়া বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হলেন ২২ বছর বয়সী এই তরুণ। এর আগে ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে আফগানিস্তানের আবদুল মালিক এই বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়েন। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবেও অভিষেক টেস্টের প্রথম বলে আউট হলেন তিনি। সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে শূন্য রানে ফেরা বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। এর আগে ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম এই অভিজ্ঞতার মুখে পড়েছিলেন। রবিনকে ফিরিয়ে অনন্য অর্জন গড়েন রাবাদাও। টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার তিনি।