ডেঙ্গুতে চলতি বছরে ৫০০ মৃত্যু ছুঁইছুঁই

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। একই সময়ে হাম উপসর্গে আট শিশু মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৮৭৩, ময়মনসিংহে ৯১, চট্টগ্রামে ২৫৯, খুলনায় ১৯৩, রাজশাহীতে ২৪০, রংপুরে ৭৪, বরিশাল বিভাগে ২০৯ এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে হাসপাতাল ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।  আর হাসপাতাল থেকে এখন পর্যন্ত  ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। আর চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে এক,  জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এবার সব চেয়ে বেশি ঢাকা বিভাগে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর পরেই যথাক্রমে খুলনা বিভাগে ৮৬, চট্টগ্রামে ৪৯, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩২, রাজশাহীতে ৩১, রংপুরে ৮ এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন।  

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৪ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৫৮ শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছে ১ হাজার ৩১৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

রবিবার বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৫ হাজার ২৬৯ জন। এ ছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১২ হাজার ৪০২ শিশু।

সর্বশেষ সর্বাধিক পঠিত