চিফ প্রসিকিউটর বললেন

শেখ হাসিনার পুনরায় বিচারের সুযোগ নেই

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় বিচারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বিষয়টিকে তিনি ‘উদ্ভট বক্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। গতকাল রবিবার

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ আছে কি-না, তা জানতে চান একজন সাংবাদিক। জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’। মানে আরেকবার বিচার। একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার। এই ট্রায়াল বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পাকিস্তানেও ছিল। ভারত এই ট্রায়াল বাতিল করেছে। একইভাবে বাংলাদেশ তা বাতিল করেছে। পাকিস্তানেও তা নেই।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই। যে সরকার অ্যাডভাইস করছে এখন, সেই ভারত এই মামলার ট্রায়াল প্রসিডিংয়ের শুরু থেকেই সবকিছু জানে। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে আসামি (শেখ হাসিনা) আছেন। তখন তারা তাদের এই অতিথিকে কেন অ্যাডভাইস করল না যে বাংলাদেশে গিয়ে তিনি বিচার মোকাবিলা করুক। অথবা কেন বলল না যে যথাসময়ে গিয়ে তিনি আপিল করুক। তা না করে আপিলের সময় পার করল।

তিনি বলেন, এসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই।

ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ সরকার) প্রণীত আইন।...এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগ পর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আইন পরিবর্তন করিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আইনে যদি প্রভিশন না থাকে, তাহলে এটা তো সরকার ইচ্ছা করলে দিতে পারবে না। এটা তো আমারও এখতিয়ার নেই, ট্রাইব্যুনালেরও এখতিয়ার নেই, গভর্নমেন্টেরও এখতিয়ার নেই।

তিনি বলেন, এখতিয়ার কেবল আইন অনুযায়ী, আইনে যা আছে তাই হবে। অতএব কে কী অ্যাডভাইস করল, এটা তো আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত