চব্বিশের গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের শাসনামলের শেষ দুই বছরে সরকারের ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। বিপুল এ ঋণ ২০২২ সালের ৩০ জুনের স্থিতি ১৩ লাখ ৪৪ হাজার কোটি থেকে বেড়ে ৩০ জুন ২০২৪-এ ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায় পৌঁছে। অর্থাৎ ওই দুই বছরেই সরকারের ঋণ বৃদ্ধির হার ৪০ শতাংশেরও বেশি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকা ছাপিয়ে নেওয়া হয়েছিল প্রায় ৫৬ হাজার কোটি টাকা। এর ফলে চাপ পড়ে দেশের নিত্যপণ্যের বাজারে এবং মূল্যস্ফীতি লাফিয়ে বেড়ে ২০২৪ সালের মধ্যভাগে ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছে।
২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সরকারি ঋণ বছরে প্রায় দুই লাখ কোটি টাকার মতো বাড়তে থাকে। গত ১২ জুলাই ২০২৬ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সরকারের মোট ঋণ ছিল ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১২ লাখ ৪৭ হাজার ১৫১ কোটি এবং বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা। জিডিপির অনুপাতে সরকারের ঋণ দাঁড়িয়েছে ৩৬ শতাংশের মতো।
গতকাল রবিবার অর্থমন্ত্রী সামষ্টিক অর্থনীতির সূচকসমূহ তুলে ধরে বলেন, আগস্ট ২০২৪-এ আমরা ঋণের ভারী বোঝা পেয়েছি। ঋণ দ্রুত বেড়েছে, কেন্দ্রীয় ব্যাংকের টাকায় বাজেট-ঘাটতি পূরণ করা হয়েছিল, সুদ-ব্যয় ও মূল্যস্ফীতি লাফিয়ে বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমেছিল।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২৯-৩০ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সর্বোচ্চ পর্যায়ে (প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার) পৌঁছাবে।
কক্সবাজারে একটি হোটেলে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ডেবট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ সার্বভৌম ঋণ-ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী দেশের অর্থনীতির এ চিত্র তুলে ধরেন।
অর্থমন্ত্রী দাবি করে বলেন, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ হয়েছে, রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে এবং ঋণের ব্যয় আগের চেয়ে কমেছে।
তিনি বলেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে বর্তমান সরকার কাজ করছে। সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার সময় উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি ও ঋণের ভারী বোঝা পেয়েছিল। জুন ২০২২ থেকে জুন ২০২৪ মাত্র দুই বছরে সরকারি ঋণ পাঁচ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়ে ১৮ দশমিক নয় লাখ কোটি টাকায় দাঁড়ায়। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট বৈদেশিক ঋণ ২০০৯ সালের ২৩ দশমিক পাঁচ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়।
মন্ত্রী আরও বলেন, টাকা ছাপিয়ে ঘাটতি পূরণ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ২০২২ সালের ৭৩০ কোটি টাকা থেকে লাফিয়ে ২০২৪ সালের জুনে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় দাঁড়ায়, যা প্রায় ১০ শতাংশ মূল্যস্ফীতি উসকে দিয়েছিল।
তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে সুদ পরিশোধ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় এবং বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় হয় তিন দশমিক চার বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২১ সালের আগস্টে থাকা ৪৮ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৪ সালের জুলাই শেষে কমে মাত্র ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে। বিদ্যুৎ ও সার ভর্তুকিতে প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং জ্বালানি আমদানিতে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বকেয়া ছিল। পাশাপাশি উচ্চ খেলাপি ঋণযুক্ত ভঙ্গুর ব্যাংকিং খাত বিনিয়োগের গতি মন্থর করে দিয়েছিল।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। বাজেটের জন্য টাকা ছাপানো এবং বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া বন্ধ করা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে মাত্র ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর-ব্যবস্থার পূর্ণ ডিজিটালাইজেশন, সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনসহ পুরো আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণ পরিহার করে সহজ শর্তের ঋণকে অগ্রাধিকার দেওয়া এবং কেবল উচ্চ-মুনাফাদায়ক ও প্রবৃদ্ধি-সহায়ক প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ২০২৯ সালে স্মুথ এলডিসি গ্র্যাজুয়েশন-সহায়ক তিন ফোকাস এরিয়ায় সরকার জোর দিচ্ছে। এক. গ্লোবাল ক্যাপিট্যাল মার্কেটে প্রবেশ এবং মার্কিন ডলারে ইউরোবন্ড, সুকুক, সামুরাই ও পান্ডা বন্ড ইস্যু। দুই. দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশ সহজলভ্য করা এবং এক্ষেত্রে জেপি মরগান, জেবিআই ইএম এজ-এর সুযোগ কাজে লাগানো ও ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে সেটেলমেন্ট সংযোগ স্থাপন । তিন. বৃহৎ অর্থায়নে ব্যাংকের ওপর নির্ভরশীলতা নয়, বরং ব্যাংক ও ক্যাপিট্যাল মার্কেট সংযোগ জোরদার করে বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থ শেয়ারবাজার থেকে উত্তোলন।
তিনি বলেন, রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে। আইএমএফের বিপিএম-৬ হিসাবে জুন ২০২৬-এ ৩০ বিলিয়ন ডলারের বেশি স্থিতি। ঋণ সস্তা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদ জুন ২০২৫-এর প্রায় ১২ শতাংশ থেকে নেমে জুন ২০২৬-এ ১০ শতাংশের নিচে নেমে আসা এবং বর্তমানে তা ৮ থেকে ৯ শতাংশের মধ্যে থাকছে। এখন মূলত দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে যাতে সরকারের ঋণ পরিশোধের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।
দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন বলে অর্থ বিভাগ জানিয়েছে।
আইএমএফ ঋণ কর্মসূচিতে থাকছে সরকার : কক্সবাজার প্রতিনিধি জানান, অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি নিয়ে সরকারের আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। সব প্রক্রিয়া শেষে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। এর বাইরে জাপান আন্তর্জাতিক ঋণ সংস্থা (জাইকা) ও এডিবির সঙ্গেও ঋণ বিষয়ে সফল আলোচনা হয়েছে।