‘জানি আমি তোমার দু’চোখ আজ আমাকে
খোঁজে না আর পৃথিবীর’ পরে
বলে চুপে থামলাম, কেবলি অশ্বত্থপাতা
পড়ে আছে ঘাসের ভেতরে
শুকনো মিয়োনো ছেঁড়া;অঘ্রাণ এসেছে
আজ পৃথিবীর বনে;
সে সবের ঢের আগে আমাদের দুজনের মনে’
জীবনানন্দ দাশ [অঘ্রাণ প্রন্তরে]
বাংলা সালের অষ্টম এবং হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস অগ্রহায়ণ। বাঙালির জীবন, সংস্কৃতি ও প্রকৃতিতে অনন্য বিচিত্রতা ও উৎসবের আমেজ নিয়ে আসে এ মাস। কার্তিকের অভাব-অনটন বা মরা কার্তিক পার হয়ে মাসটি গ্রামীণ অর্থনীতি ও জনজীবনে পলিমাটির সুবাস ও সমৃদ্ধিতে ভরে তোলে। ‘অগ্র’ শব্দের অর্থ ‘আগে’ বা ‘শ্রেষ্ঠ’ এবং ‘হায়ণ’ শব্দের অর্থ-‘বছর’ বা ‘ধান’। অর্থাৎ বছরের যে সময়ে শ্রেষ্ঠ ব্রীহি বা ধান উৎপন্ন হয়, সেটিই অগ্রহায়ণ। অন্যমতে, এর অর্থ‘ধান কাটার মৌসুম’। মোগল সম্রাট আকবরের আমলে বাংলা পঞ্জিকা সংস্কারের আগে অগ্রহায়ণ মাসকে বাংলা বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হতো। বৈদিক যুগে, ‘মৃগশিরা’ নক্ষত্রের নামানুসারে মাসটিকে ‘মার্গশীর্ষ’ হিসেবে মানুষ জানতো।
অগ্রহায়ণের দিনে সোনাঝরা মিষ্টি রোদ আর রাত নামলেই, চারপাশ ঢেকে যায় হালকা কুয়াশার আবছা চাদরে। মূলত এই মাস শীতের আগমনী বার্তা নিয়ে আসে। টিনের চালে গভীর রাতে টুপটাপ শিশির পতনের শব্দ এবং সকালে ঘাসের ডগায় জমে থাকা মুক্তোদানার মতো শিশিরবিন্দু, হেমন্তের সময়কে মায়াবী করে তোলে। এই আনন্দই মূলত অগ্রহায়ণের প্রকৃত রূপ। মাসজুড়ে চলে ধান কাটার মহোৎসব। অগ্রহায়ণের প্রধান আকর্ষণ হলো নবান্ন উৎসব। নতুন ধান ঘরে তোলার পর সেই চাল দিয়ে তৈরি হয় ক্ষীর, পায়েস, পিঠা আর মুড়কি। গ্রামীণ উঠোনগুলো ভরে ওঠে নতুন ধানের গন্ধে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিমন্ত্রণ করে, নতুন অন্ন খাওয়ানো বাঙালির শত বছরের ঐতিহ্য।
বাঙালি হিন্দু সমাজে অগ্রহায়ণ মাসকে বিয়ের জন্য অত্যন্ত শুভ মাস হিসেবে বিবেচনা করা হয়। লোকবিশ^াসে একে ‘লক্ষ্মীর মাস’ বলা হয়। এ মাসে নতুন ফসলের ডালা দিয়ে দেবী লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের পূজা করা হয়। এ ছাড়া মাসজুড়ে ইতুপূজা, তুলসী পূজা এবং কুলুই ব্রতের মতো লোকজ ব্রত-পার্বণ উদযাপিত হয়। নতুন ধান বিক্রির টাকা হাতে আসায় গ্রামীণ অর্থনীতি চাঙা হয়ে ওঠে এবং বিভিন্ন অঞ্চলে লোকজ মেলা ও পুতুলনাচের আসর বসে। তবে ঋতু পরিবর্তনের কারণে এ মাসে কাশি বা বাতের ব্যথা সংক্রান্ত শারীরিক সমস্যা বা স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যায়।
অগ্রহায়ণ একদিকে যেমন প্রকৃতির শান্ত-স্নিগ্ধ রূপের প্রকাশ, অন্যদিকে নতুন ফসলের প্রাপ্তিতে মানুষের মুখে আনন্দের হাসি ফোটানোর এক চিরায়ত উৎসবের মাস। জ্যোতিষশাস্ত্র মতে, অগ্রহায়ণ মাসে জন্ম হলে সেই ব্যক্তি হন ভীষণ উচ্চাভিলাষী এবং দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো বিষয়ে উচ্চ মানসিকতার পরিচয় পাওয়া যায় তাদের মধ্যে। এরা সব ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পছন্দ করেন। যে সিদ্ধান্ত একবার নেবেন, তা থেকে এদের সরানো যায় না। নিজের বিশ্বাসে তারা অটল থাকতে ভালোবাসেন। এরা একা থাকা ও নিজেকে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করেন। তাদের ইচ্ছাশক্তি প্রবল, কর্মের প্রতি খুব আন্তরিক হন। পরিশ্রম করে নিজ স্বপ্নকে সার্থক করতে চান।
মাসটি বারবার ফিরে আসুক কৃষকের হাসি হয়ে। নবান্ন গন্ধে ভরিয়ে দিক গ্রামবাংলার সমস্ত ঘর। ধূসর স্বপ্নগুলো পরিষ্কার রূপে মেলুক ডানা। ভালো থাকুক দেশের মানুষ, জাতি-বর্ণ নির্বিশেষে জেগে থাক বাংলাদেশ। হৃদয় জুড়ে থাকুক বাঙালি সংস্কৃতিতে ভরপুর বাংলা মাসগুলো।