১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম

সড়কের খারাপ অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি পালনে নানা জটিলতার কারণে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য। তবে সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে একচুলও পিছপা হবে না বলে জানিয়েছে জোটটি।

গতকাল রবিবার বিকেলে রাজধানী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, প্রথমে সড়কপথে লংমার্চ আয়োজনের পরিকল্পনা থাকলেও সড়কের খারাপ অবস্থার কারণে ট্রেনযোগে কর্মসূচি পালনের বিষয়টি বিবেচনা করা হয়। কিন্তু রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানো এবং একক রেললাইনের সীমাবদ্ধতার কারণে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়। এসব বিষয় বিবেচনায় আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চের মধ্যে ইতিমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণে সম্পন্ন হয়েছে। সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় কর্যকরী এবং সংস্কার পরিষদ গঠনে সরকার কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে গেছে। জনগণের রায়কে উপেক্ষা করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি শুভ হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকা- ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে। এসব অপরাধ দমনে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দলমত পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই। ঐক্য অটুট রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম।

সর্বশেষ সর্বাধিক পঠিত