পাচার-মাদকে অস্থির কক্সবাজার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম

ভরদুপুরে ১০-১২ রাউন্ড গুলির শব্দে স্তব্ধ উখিয়ার বটতলী বাজার। প্রাণভয়ে দিগি¦দিক ছুটছে মানুষ। ধড়াম করে নেমে যাচ্ছে সব দোকানের শাটার। নিরাপত্তাহীনতার এই কালো ছায়া এখন কেবল সীমান্তের জনপদে সীমাবদ্ধ নেই, তা গ্রাস করেছে কক্সবাজারের আদালত চত্বর থেকে শুরু করে গণমাধ্যমের কার্যালয়ও। পাহাড়ের আস্তানা থেকে ব্যস্ততম সড়ক সর্বত্র এখন অপরাধীদের বিচরণ। মাদকের চোরাচালান, পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের দৌরাত্ম্য এবং রাজনৈতিক প্রতিহিংসা ত্রিমুখী চাপে গত এক সপ্তাহ ধরে অবরুদ্ধ ও আতঙ্কিত পুরো কক্সবাজার জেলা।

এমন অস্থির সময়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উখিয়া ও টেকনাফের ৩ স্থানে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার এবং ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। পুলিশ, আইনজীবী প্রভৃতি সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ১১ নভেম্বর বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে ইয়াবার অবৈধ ব্যবসা ও চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের অনুসারীরা গোলাগুলিতে লিপ্ত হয়।

ওই দিন রাতে অভিযান চালিয়ে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দেওয়া জয়নালের অনুসারী শাখাওয়াত হোসেন মুন্নাসহ ৪ জনকে আটক করে পুলিশ। বটতলী বাজারের ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘কোনো কিছু বুঝার আগেই হঠাৎ বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। তাকিয়ে দেখি, গোলাগুলি চলছে। কোনোমতে শাটার নামিয়ে দোকানের ভেতর শুয়ে পড়েছিলাম।’

উখিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আতিকুর রহমান মজুমদার বলেন, “মাদকের বিরোধে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় প্রধান অভিযুক্ত মুন্নাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২টি দেশি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল এবং ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এর একদিন আগে ১০ নভেম্বর বিকেলে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আইনজীবী সমিতির ভবনে গিয়ে মব করে দুই আইনজীবীকে মারধর এবং দুই আইনজীবীকে ধরে পুলিশে দেয় ছাত্রদল। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ধৃত ব্যক্তিসহ ৬ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে। এ ঘটনায় ১১ নভেম্বর বিকেলে আইনজীবী সমিতির সদস্যরা জরুরি বৈঠক করেন।”

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদুল এহেছান (সেজান) বলেন, ‘আদালত চত্বরে স্লোগান, সমাবেশ, মিছিল নিষিদ্ধ। আশা করি, এমন ঘটনাকে নিবৃৃত্ত করার জন্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা আইনি ব্যবস্থা নেবে। তবে কোনো দলীয় ব্যানারে এ ধরনের কর্মকা-কে প্রতিহত করার জন্য জমায়েত হয়ে আইনজীবীদের মারধর করা, ধরে নিয়ে যাওয়া আইনবহির্ভূত কাজ। একটা অবৈধ কাজকে প্রতিহত করতে গিয়ে আরেকটি অবৈধ কাজ করা যায় না। আমার মনে হয়েছে, উভয় পক্ষই সমান অপরাধ করেছে। সেক্ষেত্রে আইনের সমতার নীতি অনুযায়ী আইনের প্রয়োগও সমান হওয়া উচিত ছিল।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে ক্ষমতাসীনরা পুলিশের আন্তরিক আশ্রয় লাভ করেছে। পক্ষান্তরে আইনজীবীরা আইনের আওতায় এসেছে। এটা দ্বিচারিতা। এ মনোভাব পরিহার করা উচিত।’

কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। দেশে কি আইনের শাসন চলছে নাকি শাসনের আইন চলছে সেটাই বোধগম্য নয়।’

একই দিন রাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় নিষিদ্ধঘোষিত যুবলীগের মশাল মিছিলে বাধা দিতে গেলে ইটপাটকেল ও ধারালো অস্ত্রের আঘাতে টেকনাফ থানার এসআই মো. জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের উপজেলা সভাপতি নুরুল আলমকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান চলমান রয়েছে।’

একইভাবে একই দিন রাতে চকরিয়াতেও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও মব তৈরির চেষ্টাকালে পৌরসভার কারাইয়াঘোনায় চকরিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মোর্শেদুর রহমানেকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমান।

আদালত চত্বরে আইনজীবীদের ওপর মবের নিউজের জেরে ১১ নভেম্বর রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হক ফেসবুকে অনলাইন পোর্টাল ‘টেলিগ্রাম নিউজ’-এর কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। সমালোচনার মুখে সেদিনই জেলা ছাত্রদল মোর্শেদুল হককে আজীবনের জন্য বহিস্কার করেছে।

এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পোর্টালটির কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ‘মোর্শেদের মানসিক সমস্যা রয়েছে। না হয় কেউ একটি গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে পারে? এর আগেও তিনি অনেক বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এসব কারণে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘টেলিগ্রাম নিউজ’-এর সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘বহিষ্কারের পর মোর্শেদুল হক ফের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হুমকি দিয়েছেন। আমরা শঙ্কিত। আমরা আইনি ব্যবস্থা নেব।’

তারও আগে গত ৬ নভেম্বর দুপুরে প্রকাশ্যে আরেকটি হামলার ঘটনা ঘটে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ হামলা চালানো হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে ফার্নিচার ব্যবসায়ী মাহমুদুল হকের (৪৫) মাইক্রোবাসটি থামায় প্রতিপক্ষের লোকজন। এরপর তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার পরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আহত মাহামুদুল হক বলেন, জমিজমার বিরোধের জেরে তার ভাইপোরা ঘটনা ঘটিয়েছে। তবে তার ভাইপো কিতাব আলী বলেন, ঘটনার সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। মাহামুমুদুল হক ইয়াবা কারবারি। সে জেরেই হয়ত অন্য কেউ হামলা করেছে। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ হলেই বলা যাবে কেন হামলার ঘটনা ঘটেছে।’

গত ৫ নভেম্বর টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালায়। সেদিন পাচারকারীদের গুলিতে সেনাসদস্য সিপাহি মোহাম্মদ তিতাস শেখ প্রাণ হারান। সেখান থেকে ৫৭ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৯ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় তিনটি মামলা করে। মামলাগুলোতে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৬৮ জনকে আসামি করা হয়েছে এবং চারজন রিমান্ডে রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আসামিরা রিমান্ডে রয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব নয়।’

এত অস্থিরতার মধ্যেও থামেনি পাচারকারীরা। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে প্রশাসন। এ বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘টেকনাফ ও উখিয়ায় পৃথক তিনটি অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। বুধবার রাতে টেকনাফে হ্নীলা জেলেপাড়ায় কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান বলেন, ‘ভৌগোলিকভাবেই কক্সবাজার অপরাধপ্রবণ জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী শহর ও সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। প্রতিটি ঘটনার সঙ্গে যুক্তদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।’

সীমান্ত ও নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম বলেন, গত এক সপ্তাহের ঘটনা প্রমাণ করে কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর থেকে উত্তরণের জন্য দেশের গোয়েন্দা সংস্থার তৈরি প্রতিবেদনে গুরুত্ব দিতে হবে। আর গোয়েন্দা সংস্থার কাজ হবে এসব অপরাধের সঙ্গে জড়িত ক্ষমতাসীন দলের নেতাদের চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করা এবং বিষয়টি সরকারকে অবহিত করা। এরপর তাদের আইনের আওতায় নিতে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ জেলার আইনশৃঙ্খলা কাঠামো ভেঙে পড়বে।

তিনি বলেন, পুলিশের মনোবল ভেঙে পড়েছে। তাদের এখনো সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে অভিযান চালানোর মত সাহস হয়নি। তিনি বলেন, সীমান্তবর্তী জেলার অপরাধীদের মাথার ওপর ছায়া হয়ে কাজ করছে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা। এ ছায়া সরিয়ে ফেলতে হবে। তবেই সবুজ পাহাড় আর নীল জলে ঘেরা কক্সবাজার শান্ত থাকবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কক্সবাজার জেলা সভাপতি অধ্যাপক অজিত দাশ বলেন, ‘ভূ-রাজনৈতিকভাবেই কক্সবাজার অপরাধ ঝুঁকিপ্রবণ এলাকা। রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারকে কক্সবাজারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আইনের কঠোর প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে শৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।’

ডিএমপির সাবেক ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) মোহাম্মদ সরওয়ার বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের ক্ষতের চিকিৎসা জরুরি ছিল, কিন্তু তা হয়নি। তবুও পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। এখন তাদের আধুনিকায়ন করা জরুরি। কক্সবাজারকে অপরাধমুক্ত করতে হলে বিজিবি ও কোস্ট গার্ডকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি র‌্যাবকে কঠোরভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। সীমান্ত এলাকা সিসিটিভির আওতায় আনতে হবে। এ ছাড়া জেলা পুলিশকে জনবল, গাড়ি, সিসিটিভিসহ নানা আধুনিক সরঞ্জাম দিয়ে ডিএমপির আদলে গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘ সীমান্ত ও রোহিঙ্গা থাকায় কক্সবাজার জেলায় ডিজিএফআই ও এনএসআইকে সঙ্গে নিয়ে ডিএসবির একটি শক্তিশালী গোয়েন্দা ইউনিট গড়তে হবে। দায়িত্বপ্রাপ্ত ডিআইজিকে কমপক্ষে সপ্তাহে তিন দিন কক্সবাজার জেলায় অবস্থান করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত