মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরেই প্রতিপক্ষের আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। গতকাল রবিবার দুপুরে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ইয়ামিন আলী নামের ওই আইনজীবীর মাথা ফেটে গেছে। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলকছত্র গ্রামে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে গিয়ে আদালত চত্বরের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি। হামলাকারীদের ৪ জনকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন উপস্থিত লোকজন। এরা হলেন মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ইয়ামিনের করা একটি মামলায় রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন পান অভিযুক্তরা। জামিনের পর আদালত ভবন থেকে বের হওয়ার সময় কয়েকজন মিলে ইয়ামিনকে ঘিরে ধরে হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি। পরে সাধারণ মানুষ ও স্থানীয় দোকানিরা হামলাকারীদের ধাওয়া করে ৪ জনকে আটক করেন। তাদের মারধরও করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত আইনজীবী ইয়ামিন আলী বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে তার বাম হাত ভেঙে দিয়েছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। রবিবার ওই মামলায় অভিযুক্তরা জামিন পান। জামিন পাওয়ার পর তারা আদালত চত্বরে তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।