ডিজিটাল যুগে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য জাতীয় নিরাপত্তা, মানবিক মর্যাদা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ : বাংলাদেশের প্রেক্ষাপটে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএসএসএস) অধীন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনার সঞ্চালনা করেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল (অব.) মো. নাঈম আশফাক চৌধুরী।
প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা সিকদার ও ওয়াকিলা হুসাইন।
সেমিনারে জাতীয় নিরাপত্তায় সৃষ্ট ঝুঁঁকি, রাষ্ট্র ও গণমাধ্যমের নৈতিক ও আইনগত দায়িত্ব এবং তরুণ প্রজন্মের ওপর এর মনোসামাজিক প্রভাব নিয়ে আলোচনা হয়। বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং যুগোপযোগী জ্ঞানচর্চার লক্ষ্যে বিইউপি ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী সেমিনারের আয়োজন অব্যাহত রাখবে।