অসুস্থ হয়েও বিদেশে চিকিৎসার জন্য গেলেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি দেশের একটি বেসকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তার হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার পবন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্ন হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পবন চৌধুরী জানান, এর আগে ১৪ নভেম্বর একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে গতকাল দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে। অধ্যাপক
ডা. এনএএম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে সরকারি হাসপাতালে ভর্তি না হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় কেউ কেউ স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনাও করেছেন।