দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

গোপালগঞ্জে দিনভর বিশৃঙ্খলার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ঠিক করে দিতে’ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল রবিবার বিকেল ৩টার দিকে ফেইসবুক পোস্টে ক্ষমতাসীন বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তিনি এ অভিপ্রায় ব্যক্ত করেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারে একাধিক মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা আসিফ লেখেছেন ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

ঘণ্টা দুয়েকের ব্যবধানে আরেকটি পোস্ট আসে আসিফের আইডি থেকে। সেখানে তিনি  লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে ওই সরকারে উপদেষ্টা হন আসিফ। শুরুতে তাকে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ২০২৪ সালের নভেম্বরে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছ থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান আসিফ মাহমুদ। ওই মাসের শেষ দিকে তিনি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচনের কথা বললেও পরে আর ভোটে দাঁড়াননি। শুরুতে এনসিপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ এনসিপির কমিটি পুনর্গঠন করা হলে তাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত