শেষ হলো চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

হাজার বছরের প্রাচীন চর্যাগীতি ও বাংলার আধ্যাত্মিক সাধক-সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনের ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’।

‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসব গতকাল রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে নানামাত্রিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো। এ উৎসবের আয়োজন করে ভাবনগর ফাউন্ডেশন।

গতকাল বেলা ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত স্থানে শুরু হয় দ্বিতীয় দিনের আয়োজন।

প্রথম পর্বে অনুষ্ঠিত হয় চর্যাপদ সংগীত প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার শুরুতে চর্যাপদের আদিভাষায় মল্লার রাগে ভাদেপা রচিত ৩৫ নম্বর পদ ‘এতকাল হাঁউ অচ্ছিলেঁ স্বমোহে’ শীর্ষক গানের প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া।

এরপর বাংলাদেশের সাধককবি, সুরকার ও সংগীতশিল্পী শাহ আলম দেওয়ান চর্যাপদের কবি বীণাপা রচিত ১৭ নম্বর পদের ড. সাইমন জাকারিয়া-কৃত সমকালীন বাংলা রূপান্তর ‘আগুন হয়ে সূর্য যে যায় পাটে’ শীর্ষক গানের প্রশিক্ষণ প্রদান করেন। তার প্রশিক্ষণে প্রাচীন চর্যাপদের বাণীকে সমকালীন বাংলা ভাষা ও বাংলার লোকায়ত সুরের মাধ্যমে সাধকশিল্পীদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস প্রতিফলিত হয়।

দ্বিতীয় পর্বে ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত বলেন, ‘ভাবসাধকদের এই চর্যাপদ পুনর্জাগরণ এখন বাংলাদেশের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। কারণ, এই গানের শিল্পী, সুরকার ও প্রশিক্ষকসবাই বাংলাদেশের সাধক সম্প্রদায়ের মানুষ। প্রাচীন বাংলার চর্যাপদ এখন আর কেবল পুঁথির পাতা কিংবা প্রাতিষ্ঠানিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই; বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধকেরা নিজেদের সংগীতচর্চা, সুর ও সাধনার মধ্য দিয়ে এই গানকে নতুন জীবন দিয়েছেন।’

এ পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধকশিল্পীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় চর্যাসংগীত শোভাযাত্রা। এতে সাধকশিল্পী ও বাদ্যযন্ত্রীরা ঢোল, সারিন্দা, দোতারা, একতারা, খমক ও মন্দিরা বাজিয়ে চর্যাপদের গান পরিবেশন করেন। তারা সমবেত কণ্ঠে চর্যাপদের প্রথম পদ ‘কাআ তরুবর’, চতুর্থ পদ ‘আলিঙ্গন দাও’ এবং আঠারোতম পদ ‘তিনটি ভুবন’ গাইতে ও নৃত্য করতে করতে সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষরাজি ও অরণ্যবেষ্টিত পথ প্রদক্ষিণ করেন।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় ভাবনগর সাধুসঙ্গের ৬৩১তম চর্যাপদ সংগীত আসর। এ আসরে সাধকশিল্পীরা চর্যাপদের গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি গবেষক ড. সাইমন জাকারিয়া।

গত শনিবার সকালে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসবের উদ্বোধন করেন জার্মান গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টিলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত