প্রতারণায় ৫৬ এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং অভিবাসন খাতে প্রতারণা বন্ধে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মীরা কর্মসংস্থানের জন্য গেছেন। অন্যদিকে, বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অসাধু এজেন্সি ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল রবিবার জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্য সাজেদা সামাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য গেছেন। বিদেশগামী কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চালু করা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজন অনুসারে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট ও পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে মন্ত্রী বলেন, দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে। কাতারের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী জানান, কাতার বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং ট্রেডে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করে। এ ছাড়া জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানো হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে। জাপানের আরও সাতটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ব্রুনাই, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকসহ বিভিন্ন দেশে স্বল্প খরচে বা বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে রক্ষা করতে মধ্যস্বত্বভোগীদের আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়াতে ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ডিটিটিআই) ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিলস সেন্টারের কার্যক্রম চালু হয়েছে। সেখানে জাপানি, কোরিয়ান, ইংরেজি, চীনা, আরবি, ইতালিয়ান ও জার্মান ভাষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত