জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি। গতকাল রবিবার সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও রেলওয়ে সূত্র জানায়, সকাল ৯টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সামনে গিয়ে হাত উঠিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান।
পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর বলেন, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়েছে। তবে বৃদ্ধার নাম-পরিচয় পাওয়া যায়নি।