প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান নামে সামাজিক মাধ্যমে ভুয়া পেজ খোলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এ পেজগুলো থেকে গুজব ও উসকানিমূলক পোস্ট দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সেলিম খানের কাছ থেকে দুটি সিমকার্ডসহ একটি স্মার্টফোন জব্দের পর এই তথ্য সামনে আসছে।
গতকাল রবিবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, সেলিমের পরিচালিত ভুয়া পেজগুলোর মধ্যে ছিল তারেক রহমান ফ্যানস, জাইমা রহমান ও সাংবাদিক ইলিয়াস হোসেন ফ্যানস। এসব পেজ থেকে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়া হতো। তার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন। এসআরবি ১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গত শনিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন বিশ্বাস বেতকা সার্কিট হাউসসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে। পরে তাকে টাঙ্গাইল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৩০০ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল উদ্ধার : গত ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা ইউনিয়নের রসুলপুর থেকে মনিপুরগামী সড়কের পাশের একটি ফসলি বিলে অভিযান চালিয়ে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক মাদক কারবারিসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।