নুসরাতের বাড়িতে আগুন

সেদিনের বক্তব্য প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে আজই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত বক্তব্য দেননি এবং তদন্তকে প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। এর আগে নুসরাত তাবাসসুম তার বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, সংসদেই ঘটনাটিকে ‘শর্টসার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

তার এই শঙ্কার জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিসের ডিজি, বিজিবির ডিজি, এসপি এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে বিজিবির মেজর পদমর্যাদার কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

ভিডিও ফুটেজ ও মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য এবং পাশাপাশি গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে মানুষ বের হয়নি এমন কথা তিনি কখনো অস্বীকার করেননি।

পরে তিনিও ভিডিওটি দেখেছেন, যেখানে একজন মহিলাকে তার শিশু সন্তান কোলে নিয়ে বের হয়ে আসতে দেখা গেছে। এগুলো সবই তদন্তের বিষয়। এ ছাড়া ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানান তিনি। টেলিফোনে হুমকির বিষয়ে কলাবাগান থানায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্তকরণে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।

‘তদন্ত প্রভাবিত করা’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বা এই মহান সংসদের কেউ তদন্ত প্রভাবিত করার জন্য কোনো স্টেটমেন্ট দেন না। যেকোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জানমালের ওপর হামলা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত