শব্দদূষণ নিয়ন্ত্রণ

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

‘নীরব এলাকায়’ শব্দদূষণ নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতায় প্রচার চালাতে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের উচ্চ আদালতের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে তিন মাস পরপর আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিতের নির্দেশনা চেয়ে গত ২৭ অক্টোবর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে এ রিট আবেদনটি করে। আবেদনের যুক্তিতে বলা হয়, ২ কোটি ২০ লাখের বেশি লোকের বাস রাজধানী ঢাকা আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সূচকে পরিবেশগত মানদ-ে পিছিয়ে রয়েছে। ঢাকা এখন শব্দদূষণে নগরী এবং দূষণে প্রায়ই বিশ্বে শীর্ষ অবস্থান করছে। শব্দদূষণের প্রধান উৎসগুলোর বিষয়ে বলা হয়, গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের অপ্রয়োজনীয় ও তীব্র হর্ন বাজানো, হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, শিল্পকারখানা, নির্মাণ, জেনারেটরের মাধ্যমে উৎপন্ন শব্দ, সামাজিক অনুষ্ঠানগুলোতে উচ্চ শব্দের যন্ত্র বাজানো, জনপরিসরে অনিয়ন্ত্রিত মাইক ও লাউড স্পিকারের ব্যবহার এবং বিশেষ সময়ে আতশবাজি ও পটকার বিস্ফোরণ ইত্যাদি।

সর্বশেষ সর্বাধিক পঠিত