থাইল্যান্ডে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ১১

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির পুলিশ। 

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভোর ৩টা ১৭ মিনিটের দিকে (বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১টা ১৭ মিনিট) একটি বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে গাড়ি ভাড়া দেওয়ার একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। পরে আগুন দ্রুত ছড়িয়ে আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাটং সৈকতের কাছাকাছি একটি শহর এলাকায় অবস্থিত।

এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত