‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’ চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের শহীদনগর এলাকায় এক ব্যক্তির বাড়িতে গুলি করার অভিযোগ উঠেছে। গুলি করার পর জাফর আহমদ নামের ওই ব্যক্তিকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোহাম্মদ রায়হান।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তার ঘরের জানালার কাচ ভেঙে যায়। পরে ফোন করে রায়হান তাকে বলেন, আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব।

জাফর আহমদ সাংবাদিকদের জানান, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রায়হানের সহযোগীরা তার ঘরের একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ওই সময় তিনি ও পরিবারের সদস্যরা কক্ষটিতে না থাকায় কেউ হতাহত হননি।

তিনি বলেন, প্রায় ১০ মাস আগে রায়হান ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও চাঁদা দাবি করে হুমকি দেন রায়হান।

জাফর আহমদ আরও বলেন, গুলি করার পর রায়হান তাকে ফোন করে বলেন, টাকা দিসনি, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি এসে জাফর আহমদের বাড়িতে গুলি করে চলে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে রায়হানের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তিনি নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রায়হান।

সর্বশেষ সর্বাধিক পঠিত