সিরাজগঞ্জের শাহজাদপুরে আশ্রয়হীন এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তাঁর এই মানবিক উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা করছেন অনেকে।
জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের মামুন মণ্ডলের স্ত্রী রুমা খাতুন (৩০) দুই সন্তানের জননী। কিছুদিন আগে গর্ভবতী অবস্থায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
গত শুক্রবার সকালে রুমা খাতুনের প্রসববেদনা শুরু হয়। এরপর তিনি শাহজাদপুরে এসে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁর কাছে কোনো অর্থকড়ি ছিল না। শারীরিক যন্ত্রণায় ছটফট করলেও কেউ তাঁকে আশ্রয় দেননি।
একপর্যায়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের নজরে এলে তিনি দ্রুত ওই নারীকে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। পরে তাঁকে পৌর সদরের ফাতেমা হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই রুমা খাতুন একটি কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতককে প্রথম কোলে তুলে নেন ইউএনও সাবরিনা শারমিন।
অসুস্থ রুমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর স্বামী মামুন তাঁকে গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তাঁর কাছে কোনো টাকা-পয়সা ছিল না। শুক্রবার প্রসববেদনা উঠলে কেউ তাঁকে আশ্রয় দেননি। এমন পরিস্থিতিতে ইউএনও তাঁকে সার্বিক সহযোগিতা করেন।
রুমা খাতুন বলেন, ‘আমি কন্যাসন্তানের মা হয়েছি। হয়তো আর এক ঘণ্টা দেরি হলে আমি বাঁচতাম না। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তিনি আমাকে পরপর তিন দিন বাড়ি থেকে রান্না করে দামি খাবার খাইয়েছেন এবং আর্থিকভাবেও সহযোগিতা করেছেন। এটি আমার জীবনের বড় পাওয়া। তিনি মমতাময়ী মায়ের মতো কাজ করেছেন।’
এদিকে ইউএনওর এই মানবিক উদ্যোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা শুরু হয়।
সোমবার (১৬ নভেম্বর) ইউএনও সাবরিনা শারমিন বলেন, ‘আমি শুধু একজন অসহায় মানুষকে সহযোগিতা করেছি মাত্র। রাস্তার কোনো মানুষকে অবহেলা করবেন না। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়।’
এ সময় তিনি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।