দীর্ঘ প্রতীক্ষার পরও শেষ হচ্ছে না সেতুর কাজ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

এক পাড়ে বাড়িঘর, অন্য পাড়ে হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা সদর। মাঝখানে খরস্রোতা হালদা নদী। নদী পারাপারে দীর্ঘদিন ধরে নৌকা ও বাঁশের সাঁকাই ছিল হাজারো মানুষের ভরসা। বর্ষায় উত্তাল স্রোত আর শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল করতে হতো তাঁদের। সেই দুর্ভোগ লাঘবে নির্মাণ করা হচ্ছে ফটিকছড়ির পাঁচপুকুরিয়া সেতু। তবে নির্মাণকাজের ধীরগতিতে দীর্ঘ হচ্ছে অপেক্ষা। প্রকল্পের অগ্রগতি এখনো ৭০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল গ্রামের মধ্যবর্তী হালদা নদীর সিদ্ধাশ্রম ঘাট এলাকায় নির্মিত হচ্ছে সেতুটি। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া এই প্রকল্পের মূল কাঠামো ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। তবে কাজের ধীরগতির কারণে সেতুটি কবে নাগাদ চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু নির্মাণের আগে বর্ষাকালে নৌকা এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে হালদা নদী পার হতে হতো। বর্ষায় পাহাড়ি ঢল ও নদীর প্রবল স্রোতে নৌকায় পারাপার ছিল ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের সময়ও প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটেছে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে নদী পারাপার কিংবা শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতেও পোহাতে হতো দুর্ভোগ।

এলাকাবাসীর এই ভোগান্তি কমাতে ৪৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে পাঁচপুকুরিয়া সেতু। ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থের সেতুটিতে থাকছে আটটি পিলার। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাণকাজ শুরু হলেও ধীরগতির কারণে শেষ হতে সময় লাগছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

নদীপাড়ের বাসিন্দা ডা. সৈয়দুল্লাহ কোরাইশী ও মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আগে হালদা পার হতে গিয়ে মানুষকে নানা ধরনের ঝুঁকি নিতে হতো। নৌকা ডুবে যাওয়া কিংবা সাঁকো থেকে মোটরসাইকেলসহ নদীতে পড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সেতুটি চালু হলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। তবে কাজের ধীরগতিতে মানুষকে আরও কত দিন অপেক্ষা করতে হবে, সেটিও ভাবনার বিষয়।’

সুয়াবিল গ্রামের বাসিন্দা জুয়েল চক্রবর্তী বলেন, ‘সেতুটি চালু হলে দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ হবে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে জরুরি প্রয়োজনে নদী পারাপারের ভোগান্তি অনেকটাই কমে আসবে।’

সেতুটি শুধু দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ করবে না, ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকার যোগাযোগব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্ব দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং পশ্চিম দিকে চট্টগ্রাম-কাজীরহাট-হেয়াকো সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করবে এটি। ফলে সুয়াবিলসহ আশপাশের এলাকার মানুষের উপজেলা সদরে যাতায়াত সহজ হবে। কৃষকেরা দ্রুত তাঁদের পণ্য বাজারজাত করতে পারবেন। শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে কমবে সময় ও ভোগান্তি। পাশাপাশি সম্প্রসারিত হবে ব্যবসা-বাণিজ্যের সুযোগ।

দীর্ঘদিনের প্রত্যাশিত সেতুটি এখন দৃশ্যমান হলেও স্থানীয়দের অপেক্ষার অবসান হয়নি। তাদের দাবি, নির্মাণকাজের গতি বাড়িয়ে দ্রুত সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হোক। হালদার বুকে নির্মিত এই সেতু কেবল একটি অবকাঠামো নয়, দুই পাড়ের মানুষের জীবনযাত্রা বদলে দেওয়ার সংযোগ হয়ে উঠবে—এমন প্রত্যাশা তাদের।

উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, বর্ষার কারণে এত দিন নির্মাণকাজ ধীরগতিতে চলেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের মেয়াদ বাড়িয়েছে। দ্রুত কাজ শেষ করার জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত