শাহজাদপুরে ডাকঘরের বেহাল দশা, ২৬টির নেই নিজস্ব ঘর

খোঁজখবর নিয়ে জানা গেছে, বিও ডাকঘরের যাত্রা শুরুর সময় যিনি ওই ডাকঘরের পোস্টমাস্টারের দায়িত্বে থাকবেন, তাকেই জায়গার ব্যবস্থা করে কার্যক্রম পরিচালনা করতে হয়।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ২৯টি ডাকঘরের প্রায় সবগুলোর বেহাল অবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার ২৯টি ডাকঘরের মধ্যে ২৬টির কোনো নিজস্ব ঘর নেই। এর মধ্যে আবার ১৩টি ডাকঘরের কোনো লেটারবক্স নেই। এ ছাড়া ৯টি ডাকঘরের ৯টি লেটারবক্স ভাঙা। আবার ৩টি ডাকঘরের ৩টি লেটারবক্সে কোনো তালাও নেই। এ অবস্থার মধ্য দিয়ে কোনোভাবে শাহজাদপুরের শহর ও গ্রাম পর্যায়ে ডাকসেবা চলছে।

এদিকে শাহজাদপুর উপজেলা সদরে অবস্থিত পোস্ট অফিস পরিদর্শক কার্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার মধ্যে শুধু শাহজাদপুর উপজেলাতেই ২৯টি ডাকঘর রয়েছে। এর মধ্যে একটি উপজেলা পোস্ট অফিস, একটি অবিভাগীয় শাখা সাবপোস্ট অফিস (ইডিএসও), একটি সাবপোস্ট অফিস (এসও) ও ২৬টি শাখা পোস্ট অফিস (বিও) রয়েছে। ২৬টি শাখা ডাকঘরের (বিও) কোনো নিজস্ব জায়গা বা ঘর নেই। অধিকাংশ শাখা পোস্ট অফিসের কার্যক্রম পোস্টমাস্টারের বৈঠকখানায়, মুদি দোকানে বা কোনো প্রতিষ্ঠানের ঘরে পরিচালিত হচ্ছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, বিও ডাকঘরের যাত্রা শুরুর সময় যিনি ওই ডাকঘরের পোস্টমাস্টারের দায়িত্বে থাকবেন, তাকেই জায়গার ব্যবস্থা করে কার্যক্রম পরিচালনা করতে হয়।

বাঘাবাড়ি বন্দর ডাকঘরের বেহাল অবস্থা

শাহজাদপুরের গুরুত্বপূর্ণ বাঘাবাড়ী নদীবন্দরের গুরুত্ব বিবেচনা করে ডাক বিভাগ একটি শাখা অফিস খুললেও এ ডাকঘরের নিজস্ব কোনো ঘর নেই। যে শাখা পোস্ট অফিসটি রয়েছে, সেটিও মিল্কভিটা দুগ্ধ কারখানার নিজস্ব একটি ছোট ঘরের মধ্যে। এ ঘরের অবস্থাও জরাজীর্ণ। এর পর এ ডাকঘরের লেটারবক্সটিতে অনেক আগেই মরিচা ধরে নষ্ট হয়ে যাওয়ায় সেটি খুলে রাখা হয়েছে। এ ডাকঘরের মাধ্যমে বাঘাবাড়ীতে নদীবন্দর ছাড়াও একাধিক ব্যাংক ও বিমা অফিস, একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পশ্চিমাঞ্চল গ্যাস অফিস, সিমেন্ট কারখানা, মিল্কভিটা দুগ্ধ কারখানা ছাড়াও একাধিক বেসরকারি দুগ্ধ কারখানা, পেট্রোবাংলার অয়েল ডিপো ও আবহাওয়া অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিসে ডাকসেবা প্রদান করা হয়ে থাকে। তবে এই পোস্ট অফিসে কোনো ডাকবাক্সই নেই। ফলে চিঠি পোস্ট করতে আসা লোকজনকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানেরা জানান, বেলা ১ টা বাজলেই বাঘাবাড়ী পোস্ট অফিস বন্ধ করে দেওয়া হয়। বেলা ১ টার পর বাঘাবাড়ী ডাকঘর বন্ধ হয়ে গেলে গুরুত্বপূর্ণ চিঠি ও জরুরি কাগজপত্র পাঠাতে বাঘাবাড়ী থেকে উপজেলা সদরে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা পোস্ট অফিসে যেতে হয়। ফলে অর্থ ও সময়—দুটিরই ক্ষতি হয়।

এ ব্যাপারে শাহজাদপুরে অবস্থিত পোস্ট অফিস পরিদর্শকের কার্যালয়ের পোস্ট অফিস পরিদর্শক মো. আব্দুল মোতালেব জানান, তার কার্যালয়টি এখন ঝুঁকিপূর্ণ। তিনি আরও জানান, পোস্ট অফিসের ডাকবাক্সসহ নানা সমস্যার কথা জানিয়ে তা নিরসনের জন্য পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরাবর এরই মধ্যে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত