আবাহনী-মোহামেডানের অন্যরকম লড়াই

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

আবাহনী-মোহামেডান মানেই দেশের ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। মাঠে দুই দলের লড়াই মানেই সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা। তবে এবার সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে সম্প্রীতি ও পুনর্মিলনের বার্তা নিয়ে মুখোমুখি হচ্ছেন দুই দলের সাবেক ফুটবলাররা। আর এই ব্যতিক্রমী প্রীতি ম্যাচে দুই দলের হয়েই খেলবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

গামী ১৯ নভেম্বর বিকেল ৩টায় আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে আবাহনী ও মোহামেডানের সাবেক ফুটবলারদের এই প্রীতি ম্যাচ। শুধু মাঠের লড়াই নয়, এর মধ্য দিয়ে দীর্ঘদিনের পরিচিত মুখ, সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের আবারও ক্লাবমুখী করার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

একসময় দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল আবাহনী ক্লাব প্রাঙ্গণ। সাবেক খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের পদচারণায় মুখর থাকত আকাশি-নীলদের আঙিনা। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনেকটাই ছন্দ হারায় ঐতিহ্যবাহী ক্লাবটি। খেলাধুলার কার্যক্রম চললেও আগের সেই প্রাণচাঞ্চল্য আর নেই। আবাহনীর হারানো সেই জমজমাট পরিবেশ ফিরিয়ে আনতেই এবার পাশে দাঁড়াচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাবেক ফুটবলাররা। আর্থিক সহায়তার পরিবর্তে ফুটবল মাঠের মিলনমেলার মাধ্যমে ক্লাবটির প্রতি সবার আগ্রহ ফিরিয়ে আনতে চান তারা।

মোহামেডানের সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘ক্লাবটি অনেকটা নীরব হয়ে আছে। আমরা যদি একটি ম্যাচ খেলি, সে উপলক্ষে তাদের অনেক কর্মকর্তা-খেলোয়াড় ও সমর্থকরা আসবেন বলে আশা করছি।’  একই প্রত্যাশা আবাহনীর সাবেক ফুটবলার কাজী নজরুল ইসলামের। তিনি বলেন, ‘আমরা চাই এই ম্যাচ ঘিরে একটা মিলনমেলা হোক ক্লাবে। আবাহনীর সাবেক ফুটবলারই নয়, অন্য খেলার সাবেকদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসলে ক্লাবে আবার জমজমাট অবস্থা ফিরে আসবে।’

সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত সাবেক ফুটবলারদের একটি প্রীতি ম্যাচেও অংশ নিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে মুখোমুখি হয়েছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমস চ্যাম্পিয়ন ফুটবল দল। ঘরোয়া ফুটবলে আবাহনী ও মোহামেডান দুই দলের হয়েই খেলার অভিজ্ঞতা রয়েছে সাবেক এই তারকা গোলরক্ষকের। এবারও থাকছেন দুই দলের প্রতিনিধিত্ব করে। ম্যাচের দুই অর্ধে দুই দলের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। ফলে এবারের ম্যাচটি শুধু সাবেক ফুটবলারদের পুনর্মিলনী নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে সৌহার্দ্যেরও এক বিশেষ উপলক্ষ হতে যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মধ্য দিয়ে আবাহনী ক্লাব ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত