জোহানেসবার্গ টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনের সিংহভাগ জুড়ে প্রোটিয়া ব্যাটারদের আধিপত্য থাকলেও, ঠিক শেষ মুহূর্তের রোমাঞ্চে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং তোপে মাত্র ১৫ রানের ভেতর প্রোটিয়াদের ৩টি উইকেট তুলে নিয়ে সফরকারীদের ফিরিয়েছেন ম্যাচে।
এতে কিছুটা হলেও লিডের আশা দেখছে নাজমুল হোসেন শান্তর দল। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৯০ ওভার শেষে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৮৬ রান, ১৪ রানে এগিয়ে বাংলাদেশ।
দিনের শুরুতেই বড় ধাক্কা খায় সফরকারীরা। মাত্র চারজন বোলার নিয়ে একাদশ সাজানোয় দলের মূল ভরসা পেসার হাসান ওভারের মাঝপথেই কনুইয়ের পুরোনো চোট (টেনিস এলবো) নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর অসমাপ্ত ওভার শেষ করেন মেহেদী হাসান মিরাজ। এর কিছুক্ষণ পরেই অভিষেক ম্যাচ খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন শর্ট কাভারে রায়ান রিকেলটনের একটি সহজ ক্যাচ মিস করলে হতাশা আরও বেড়ে যায়। তখন পর্যন্ত শূণ্য ও ৩০ রানে দুইবার জীবন পেয়ে রিকেলটন এবং অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাটে বেশ স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল প্রোটিয়ারা।
তবে ঠিক এরপরই ম্যাচের দৃশ্যপট বদলে দিতে শুরু করেন তাসকিনরা। দীর্ঘক্ষণ ধরে রক্ষণাত্মক ব্যাটিং করা বাভুমা পায়ের পেশির চোটে পড়ে ১০৫ বলে ৪৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রোটিয়াদের স্কোরবোর্ডের তখন ৪ উইকেটে ৩৫৮ রান। সেখানে নতুন ব্যাটার হিসেবে আসেন অলরাউন্ডার উইয়ান মুন্ডার। তবে টিকেছেন মোটে দুই বল।
দ্বিতীয় নতুন বল হাতে পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। সেশনের শেষ ভাগে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পেস তোপে মাত্র ১৫ রানের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে ধসে পড়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার।
নতুন বলের শুরুতেই তাসকিনের বলে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের স্বাদ পান মুল্ডার। এরপর নিজের পরের ওভারে মার্কো ইয়ানসেনকে এবং ইনজুরি কাটিয়ে ফেরা হাসান মাহমুদ এসে সায়ন হারমারকে সাজঘরে ফিরালে ম্যাচে প্রাণ ফিরে পায় বাংলাদেশ।
দুবার জীবন পাওয়া রিকেলটন অবশ্য ফিফটি (৫৬*) পূর্ণ করে এক প্রান্ত আগলে রেখেছেন। আর নতুন ব্যাটার হিসেবে নেমেছেন কাগিসো রাবাদা।
খেলোয়াড়ি অধ্যায় শেষে আইপিএলে চেন্নাইয়ের মেন্টর ধোনি