গ্লোবাল শিল্ডে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম

জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত ছিলেন। 

ড. সাইমুম পারভেজ বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়ন সহায়তার আবেদন জমা দিয়েছিল। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা।

তিনি আরও বলেন, এই অগ্রগতি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে নেতৃত্ব দেওয়ার বাংলাদেশের প্রত্যয়ের প্রতিফলন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করে তার নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচিতে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া।

বাংলাদেশে কর্মসূচিটির আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। অগ্রাধিকার পাবে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন, তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন এবং কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও অন্যান্য আর্থিক সুরক্ষা সম্প্রসারণ। পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা গড়ে তোলা হবে।

দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন এবং নিজস্ব প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অতিরিক্ত অর্থায়ন বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলার কার্যক্রম আরও সম্প্রসারণে সহায়ক হতে পারে।

দুর্যোগের পর সহায়তা সংগ্রহের পাশাপাশি দুর্যোগের আগেই অর্থায়ন প্রস্তুত রাখা, জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থায়নের ধরন স্পষ্ট করে ড. সাইমুম পারভেজ বলেন, “এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।”

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু; এবং সিভিএফ–ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদসহ জলবায়ু বিশেষজ্ঞ, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত