স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে জাতীয় সংসদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণে জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার রাতে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করা হবে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদেরও চিহ্নিত করার মতো রেকর্ড, ভিডিও ফুটেজ ও অডিও সরকারের কাছে রয়েছে। আজ হোক কিংবা কাল প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতারা সীমান্তের ওপার থেকে সামাজিক মাধ্যমে ভিডিওবার্তায় গ্রামে গ্রামে আগুন লাগানোর উসকানি দিচ্ছেন। গোপালগঞ্জে একজন সংসদ সদস্যের বাড়ি ও দলীয় কর্মী-সমর্থকদের দোকানপাটে হামলার ঘটনাও ঘটেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায় না অতীতের মতো রাজপথে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা হোক। প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা ধৈর্য ধরলেও একজন নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, সেটি নিশ্চিত করতে চায় সরকার। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে, কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া কিছু দুষ্কৃতকারীর ফাঁদে পা দেওয়া যাবে না। সরকার পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছে। তবে নাশকতা ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। নিরীহ মানুষের জীবন-সম্পদ এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদ ও দেশবাসীকে জানানো প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় আর বসে থাকার সময় নেই বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, গোপালগঞ্জের ঘটনা কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে সংসদের আলোচনা অন্যদিকে সরিয়ে নেওয়া উচিত হবে না। তার অভিযোগ, একটি গোষ্ঠী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি যেকোনো রূপে ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।
শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগ : তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অন্তর্র্বর্তী সরকারের সময়ে পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিকপক্ষ আগেই তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিকপক্ষ দুই সপ্তাহ পর প্রতিনিধির নাম দেয়। এরপর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠিত হয়েছে। বোর্ডের কার্যক্রম ও ন্যূনতম মজুরি নির্ধারণের সময়সীমা এখনো শেষ হয়নি।
তিনি অভিযোগ করেন, মজুরি বোর্ড গঠনের বিষয়টিকে সামনে রেখে দেড় মাস আগে থেকেই একটি পক্ষ শ্রমিক অসন্তোষ উসকে দিয়েছে। উত্তরখান ও দক্ষিণখান এলাকায় এয়ারপোর্ট সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। সরকার ও পুলিশ শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
পোশাকশিল্পে সংকট মোকাবিলায় টাস্কফোর্সের প্রস্তাব : আলোচনায় তৈরি পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, মালিক-শ্রমিক প্রতিনিধি এবং জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ার প্রস্তাবও দেন তিনি। তিনি বলেন, তৈরি পোশাকশিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৮০ শতাংশের জোগান দেয়। এ খাতে সংকট দেখা দিলে মালিক ও শ্রমিকের পাশাপাশি ব্যাংকিং খাত এবং সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদন বন্ধ হলে মালিকদের পক্ষে শ্রমিকদের পাওনা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এতে কারখানা বন্ধ, কর্মসংস্থান হারানো ও সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়বে। জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনও এ খাতের সংকট মোকাবিলায় সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন। তার দেওয়া তথ্যানুযায়ী, গত আগস্ট-সেপ্টেম্বরে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন। ৭৮ শতাংশ কারখানায় আংশিক উৎপাদন বন্ধ ছিল এবং ৮৭ শতাংশ কারখানা সময়মতো পণ্য পাঠাতে পারেনি। গত ছয় মাসে এ খাতে ১৯ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।
ইইউর সঙ্গে এফটিএ আলোচনা ১৫ ডিসেম্বর : আলোচনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আগামী ১৫ ডিসেম্বর প্রথম দফার মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু হবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরুর অনুমতি ও বিভিন্ন ছাড়পত্র পেতে আগে গড়ে ৩৫৫ দিন লাগত। সরকার তা ১৪ দিনে নামিয়ে আনার কর্মপন্থা নির্ধারণ করেছে। পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদরের জোড় পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরনো টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা ভবনের একটি বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এ বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাতে একদল দুর্বৃত্ত বাড়িটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।