কাফরুলে শ্রমিক আন্দোলনে রাবার বুলেটে নারী শ্রমিক আহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুলের প্রিন্স বাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত হাওয়া বেগম জানান, তিনি কাফরুলের মিরপুর-১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। ওই এলাকাতেই তার বাসা। বুধবার সকাল ৮টার দিকে তিনি কারখানায় কাজে যোগ দিতে যান। তবে শ্রমিকদের কেউ কাজে যোগ না দিয়ে কিছুক্ষণ পর চলমান আন্দোলনে অংশ নিতে রাস্তায় বের হতে থাকেন।

তিনি বলেন, এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শ্রমিকদের মারধর শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। এর মধ্যে একটি রাবার বুলেট এসে তার ডান হাতে লাগে।

হাওয়া বেগম জানান, আহত হওয়ার পর সহকর্মীরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাওয়ার হাতে একটি রাবার বুলেট লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত