পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। 

তিনি বলেন, আদালত আদেশ দিয়েছেন, ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকবে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন আদালত।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয় ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত