মুরাদনগরে আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টাকালে চোরাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কের অনিক ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর এলাকার শফিউল্লাহর ছেলে মো. সাকিব হোসেন ওরফে রাজ (২৮), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর এলাকার মৃত এয়াকুব মিয়ার ছেলে মো. কামাল (৫২), মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (৪৬) এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকার অহিদ মিয়ার ছেলে মো. আল আমিন (৩৮)।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এলাকায় বিশেষ অভিযান চলছিল। অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে এসআই সুমন তালুকদার ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি বসায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা পুলিশ দেখে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে সেটির গতিরোধ করেন এবং ভেতরে থাকা চারজনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি চোরাই বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সিএনজি চোর চক্রের পেশাদার সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
​এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"



সর্বশেষ সর্বাধিক পঠিত