বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে ভোররাত ৫টার দিকে জেলার সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের লিটনের স্ত্রী কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইয়ুম লাম (১৯)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পলাতক আসামি লিটনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ছাদের ওপর অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় লিটনের স্ত্রী কুলসুম বেগম ও তার ছেলে আব্দুল কাইয়ুম লামকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, উদ্ধার করা ট্যাবলেটগুলো কুলসুম বেগমের হেফাজতে ছিল। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।