পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুরুষের দায়িত্ব

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ এএম

মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে কিছু দায়িত্ব থাকে। বয়স, অবস্থান ও সম্পর্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব দায়িত্বের ধরনও বদলায়। একজন পুরুষকে বাল্যকাল থেকে বার্ধক্য পর্যন্ত নানা ভূমিকা পালন করতে হয়। কখনো সন্তান, কখনো ভাই, কখনো স্বামী, আবার কখনো পিতা ও পরিবারের অভিভাবকের ভূমিকায় থাকে পুরুষ। এসব পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে কর্তব্য ও জবাবদিহি।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে। (সুরা নিসা ৩৪)

এই আয়াতে পুরুষের তত্ত্বাবধানের পাশাপাশি পরিবারের ভরণপোষণের দায়িত্বের কথাও তুলে ধরা হয়েছে। অর্থাৎ পরিবারের নেতৃত্ব পুরুষের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত।

তত্ত্বাবধানের অর্থ অন্যায়ভাবে নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয়। বরং পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং পারস্পরিক সম্মানের পরিবেশ তৈরি করাই প্রকৃত তত্ত্বাবধায়ন।

স্বামী হিসেবে স্ত্রীর ভরণপোষণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা পুরুষের দায়িত্ব। স্ত্রীর সঙ্গে সদাচরণ, পারস্পরিক পরামর্শ এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

পিতা হিসেবে সন্তানদের লালন-পালন, দ্বীনি ও নৈতিক শিক্ষা, সুশৃঙ্খল জীবন গঠন এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করতে হবে।

সমাজের সদস্য হিসেবে একজন পুরুষকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে দাঁড়াতে হবে। অন্যায়ের প্রতিবাদ, অসহায় মানুষের সহযোগিতা, প্রতিবেশীর অধিকার রক্ষা এবং সামাজিক সম্পদ সংরক্ষণ করতে হবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে আইন মেনে চলা, আমানত রক্ষা, দায়িত্বশীল আচরণ এবং দেশের শান্তি ও কল্যাণে ভূমিকা রাখা জরুরি।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি)

এই নির্দেশনা একজন পুরুষকে তার পারিবারিক ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে। কারণ দায়িত্ব পালনে অবহেলা এবং অন্যের অধিকার নষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত