নাফ নদী সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্ত এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী 'রশিদের ঘের' এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে পোটলা দুটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দেন তাঁরা। পরে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

এরপর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলা দুটি উদ্ধার করেন। সেগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী ১০টি কাটে মোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আশপাশের এলাকায় বিস্তৃত তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়া চোরাকারবারিদের আটকের জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পলাতক চোরাকারবারি ও তাদের পেছনে থাকা মাদক সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত