সফলতা ও মুক্তির একমাত্র পথ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ এএম

মহান আল্লাহ অস্তিত্বহীন অবস্থা থেকে সব সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘মানুষের ওপর কি কালের এমন কোনো সময় অতিবাহিত হয়নি, যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না?’ (সুরা দাহর ১)

তিনি অগণিত নেয়ামত দিয়ে তাদের লালন-পালন করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ, যিনি আসমানগুলো ও জমিন সৃষ্টি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর তা দিয়ে তোমাদের জীবিকার জন্য নানা ধরনের ফলমূল উৎপন্ন করেন। তিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তা তার নির্দেশে সমুদ্রে চলাচল করতে পারে। তিনি নদনদীকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। আর সূর্য ও চন্দ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, যেগুলো গতিশীল রয়েছে। তিনি রাত ও দিনকেও তোমাদের জন্য নিয়োজিত করেছেন। তোমরা তার কাছে যা কিছু চেয়েছ, তিনি তার সবকিছুই তোমাদের দিয়েছেন। তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, তবে তা গুনে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড়ই সীমালঙ্ঘনকারী ও অকৃতজ্ঞ।’ (সুরা ইবরাহিম ৩২-৩৪)

এসব নেয়ামতের মধ্যে মহান আল্লাহ মানবজাতিকে সবচেয়ে বড় যে নেয়ামত দান করেছেন, তা হলো ইসলামের নেয়ামত, তাওহিদের নেয়ামত এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কালেমার নেয়ামত। আল্লাহ তার অনুগ্রহ ও দয়ায় কিছু মানুষকে এই নেয়ামতের মাধ্যমে সম্মানিত করেছেন। মহান আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলীর প্রতিপালক হিসেবে তার একত্ববাদ প্রতিষ্ঠার পক্ষে এমন অসংখ্য সুস্পষ্ট নিদর্শন ও অকাট্য প্রমাণ উপস্থাপন করেছেন, যা প্রত্যেক বিবেকবান মানুষকে তাওহিদের স্বীকৃতি দিতে বাধ্য করে, যা সফলতা ও মুক্তির একমাত্র পথ।

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসা (আ.) বললেন, ‘হে আমার রব! আমাকে এমন কিছু শিখিয়ে দিন, যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি এবং আপনার কাছে দোয়া করতে পারি।’ আল্লাহ বললেন, ‘হে মুসা! তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ।’ তিনি আবার বললেন, ‘হে মুসা! তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ।’ মুসা (আ.) বললেন, ‘হে আমার রব! আপনার সব বান্দাই তো এই কালেমা বলে।’ আল্লাহ বললেন, ‘তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ।’ মুসা (আ.) বললেন, ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি এমন কিছু চাই, যা বিশেষভাবে আমাকে দান করবেন।’ তখন আল্লাহ বললেন, ‘হে মুসা! যদি সাত আসমান এবং সেগুলোর অধিবাসীরা, আর সাত জমিন এক পাল্লায় রাখা হয় এবং অন্য পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে।’ (সুনানে নাসায়ি)

হে মুসলমানরা! তাওহিদ হলো বান্দাদের ওপর আল্লাহর অধিকার। মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-এর বাহনের পেছনে আরোহী ছিলাম। তিনি আমাকে বললেন, ‘হে মুয়াজ! তুমি কি জানো, বান্দাদের ওপর আল্লাহর অধিকার কী এবং আল্লাহর ওপর বান্দাদের অধিকার কী?’ আমি বললাম, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। তিনি বললেন, ‘বান্দাদের ওপর আল্লাহর অধিকার হলো, তারা তার ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। আর আল্লাহর ওপর বান্দাদের অধিকার হলো, যে ব্যক্তি তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না, তিনি তাকে শাস্তি দেবেন না।’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! আমি কি মানুষকে এই সুসংবাদ জানিয়ে দেব না?’ তিনি বললেন, ‘না, তাদের এ সুসংবাদ দিয়ো না। তাহলে তারা এর ওপর নির্ভর করে বসে থাকবে।’ (সহিহ বুখারি ও মুসলিম)

তাওহিদ সেই স্বভাবজাত বিষয়, যার ওপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর প্রকৃতির ওপর, যে প্রকৃতি অনুসারে তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল-সঠিক দ্বীন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’ (সুরা রুম ৩০)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক শিশু ফিতরাত বা স্বভাবজাত ধর্মের ওপর জন্মগ্রহণ করে। এরপর তার মা-বাবা তাকে ইহুদি, খ্রিস্টান কিংবা অগ্নিপূজক বানায়।’ (সহিহ বুখারি ও মুসলিম)

তাওহিদ সেই মহান উদ্দেশ্য, যার জন্য আল্লাহ সৃষ্টিজগৎ সৃষ্টি করেছেন, আসমানি কিতাব অবতীর্ণ করেছেন এবং রাসুলদের পাঠিয়েছেন। জান্নাত ও জাহান্নামের ব্যবস্থাও এরই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমি তাদের কাছ থেকে কোনো জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার করাবে। নিশ্চয়ই আল্লাহই মহা রিজিকদাতা, প্রবল শক্তির অধিকারী।’ (সুরা জারিয়াত ৫৬-৫৮)

তাওহিদ সব নবী-রাসুলের দাওয়াত। পৃথিবীর প্রতিটি জাতির কাছে আল্লাহ তাদের পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে (শয়তানি কর্ম) বর্জন করো। অতঃপর তাদের মধ্যে কাউকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং কারও ওপর পথভ্রষ্টতা অবধারিত হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের পরিণতি কেমন হয়েছিল।’ (সুরা নাহল ৩৬)

হে আল্লাহর বান্দারা! তাওহিদ কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, যেমনটি অনেক মানুষ মনে করে। বরং তাওহিদ মানুষের কথা, কাজ, বিশ্বাস ও লেনদেনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। তাওহিদ একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহান আল্লাহ বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছুই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। তার কোনো শরিক নেই। আমাকে এ নির্দেশই দেওয়া হয়েছে এবং আমিই প্রথম আত্মসমর্পণকারী।’ (সুরা আনআম ১৬২-১৬৩)

তাওহিদের সৌন্দর্য ও মর্যাদাকে ধ্বংস করে দেয় সবচেয়ে বড় যে পাপ, তা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। শিরক কতটা ভয়াবহ, তা কি আপনারা জানেন? মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, সে যেন আকাশ থেকে পড়ে গেল। অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল।’ (সুরা হজ ৩১)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন পাপ সবচেয়ে বড়?’ তিনি বললেন, ‘তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন।’ (সহিহ বুখারি ও মুসলিম)

শিরকের ভয়াবহতা, ঘৃণ্যতা, নিকৃষ্টতা ও জঘন্য পরিণতির কারণে মহান আল্লাহ তার রাসুল (সা.)-কে সম্বোধন করে বলেছেন, ‘নিশ্চয়ই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি ওহি পাঠানো হয়েছে যে, আপনি যদি শিরক করেন, তাহলে আপনার সব আমল অবশ্যই নিষ্ফল হয়ে যাবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বরং আপনি একমাত্র আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হোন।’ (সুরা জুমার ৬৫-৬৬)

সুতরাং আল্লাহ ছাড়া অন্য কেউ উপকার বা ক্ষতি করতে পারে না। কেউ যত নেককার ও দ্বীনদারই হোক না কেন, যত মর্যাদা ও সম্মানের অধিকারীই হোক না কেন, সে উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও নন। অন্য সৃষ্টির কথা তো আরও পরের বিষয়। ইরশাদ হয়েছে, ‘বলুন, আল্লাহ যা চান, তা ছাড়া আমি নিজের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। আমি যদি অদৃশ্যের খবর জানতাম, তাহলে নিজের জন্য অনেক কল্যাণ অর্জন করতে পারতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো কেবল মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা।’ (সুরা আরাফ ১৮৮)

হে মুসলমানরা! আমরা যখন তাওহিদের নেয়ামতের মহত্ত্ব, মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি, তখন প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো, নিজের, পরিবারের সদস্যদের এবং আপনজনদের ব্যাপারে সতর্ক থাকা, যেন তারা তাওহিদের বিপরীত কোনো বিশ্বাস বা কাজে জড়িয়ে না পড়ে।

অমুসলিমদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে সহানুভূতি ও দয়ার। তাদের প্রতি এমন আচরণ করতে হবে, যেমন আচরণ করতেন রাসুলুল্লাহ (সা.) তার সম্প্রদায়ের লোকদের প্রতি। আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমরা তাদের উপাস্যদের গালমন্দ বা বিদ্রুপ না করি। কারণ এর ফলে তারা অজ্ঞতাবশত সীমালঙ্ঘন করে আল্লাহকে গালমন্দ করতে পারে। এতে তারা সত্যের আহ্বান গ্রহণ করা থেকে আরও দূরে সরে যাবে।

১৩ নভেম্বর শুক্রবার, মসজিদে হারামে প্রদত্ত জুমার খুতবা। ভাষান্তর করেছেন আইনাল হক

সর্বশেষ সর্বাধিক পঠিত